ভ্যান চালিয়ে সিনেমার প্রচারণা চালাচ্ছেন নায়ক নিজেই

ইউটিউবে ১১০টির মতো ছোট ছোট নাটকে অভিনয় করেছেন রাসেল মিয়া। তার দাবী, গত ৩ বছরে তিনি এসব কাজ করে অনেক মানুষের কাছে পরিচিতি পেয়েছেন। সেই পরিচিতি কাজে লাগাতে এবারই প্রথম সিনেমায় অভিনয় করলেন।

রকিবুল আলম রকিব পরিচালিত রাসেল মিয়ার প্রথম সিনেমা ‘ভাইয়ারে’। প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২ সেপ্টেম্বর। মুক্তির আগে নায়ক রাসেল মিয়া তার সিনেমার ভিন্ন প্রচারণা চালাচ্ছেন। সিনেমার পোস্টার ভ্যানে লাগিয়ে রাজধানীর রাস্তায় রাস্তায় ঘুরছেন।

রাসেলের মতে, এর ফলে তিনি সাধারণ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছেন। তাকে দেখে সাধারণ মানুষরা আগ্রহ নিয়ে জড়ো হচ্ছে। সেই সময়ে রাসেল মিয়া তার ছবির খবর দিচ্ছেন।

ডিজিটাল প্রচারণার যুগে এভাবে রাস্তায় ভ্যান চালিয়ে সিনেমার প্রচারণা চালিয়ে কতটা দর্শক টানতে পারবে ‘ভাইয়ারে’? এ প্রসঙ্গে রাসেল জানান, ‘একটি সিনেমার প্রচারে ৫-১০ লাখ টাকা চলে যায়। কিন্তু ভাইয়ারে সিনেমার প্রযোজকের এত সামর্থ্য নেই। তাই ভেবেছি, দুই সপ্তাহ নিজে শ্রম দিলে হয়তো ভালো সাড়া পাব।’

তিনি বলেন, ‘একটি সিনেমা দর্শকের কাছে পৌঁছে দিতে প্রচারণার বিকল্প নেই। তবে এজন্য ভালো বাজেট দরকার। যেহেতু আমাদের সেটা নেই, তাই নিজেই ভ্যান নিয়ে রাস্তায় নেমেছি।’

রাসেলকে ভ্যানচালক হিসেবে রাস্তায় দেখা মিললেও প্রচারণায় এই সিনেমার অন্যান্য শিল্পীদের উপস্থিতি নেই। এ প্রসঙ্গে রাসেল জানান, ‘এটা তাদের ব্যক্তিগত বিষয়। কাউকে জোর করে আনা যাবে না। এতে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। এই সিনেমার ওপর আমার ক্যারিয়ারের অনেক কিছু নির্ভর করছে। আমি আমার মতো প্রচারণা চালিয়ে যাবো।’

তিনি যোগ করেন, ট্রেলার প্রকাশের পর বেশ ভালো সাড়া পেয়েছি। আশা করছি, পারিবারিক গল্পের সিনেমাটি দর্শক হৃদয় ছুঁয়ে যাবে।

রাসেল ছাড়াও ‘ভাইয়ারে’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী, সীমান্ত আহমেদ, শবনম পারভীন, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), হেলেনা জাহাঙ্গীর, জারা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *