লিখিত বক্তব্য জানিয়ে শিল্পী সমিতির কাছে বিচার চাইলেন মাহি

মিথ্যা অভিযোগ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে ‘আশীর্বাদ’ ছবির প্রযোজক তাহেরা ফেরদৌস জেনিফার এর বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল ৫টার সময় তার পক্ষ থেকে এই অভিযোগপত্রটি দায়ের করা হয়।

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লেখা অভিযোগের বিষয়, ‘মিথ্যা অভিযোগ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদ প্রসঙ্গে’।

অভিযোগে মাহি বলেন, ‘আমি মাহিয়া মাহি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন সদস্য। আমি ২০১২ সাল থেকে সম্মানের সঙ্গে কাজ করে যাচ্ছি। আমার ক্যারিয়ারের এই সফলতার পেছনে আমার সহকর্মী শিল্পীদের অনেক অবদান রয়েছে। নানা বিপদেও আপনাদের পাশে পেয়েছি। এ জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিটি সদস্যর কাছে আমি কৃতজ্ঞ।’

প্রযোজকের বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে মাহি বলেন, ‘সম্প্রতি আশীর্বাদ সিনেমার প্রযোজক জনাব তাহেরা ফেরদৌস জেনিফার আমার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা অভিযোগ এনে বাজে মন্তব্য করে যাচ্ছেন। যে সব মন্তব্য ইতিমধ্যেই ইউটিউবসহ সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই সঙ্গে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করার হুমকিও দিচ্ছে তারা।

‘প্রযোজক জেনিফারের এই সব উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য ও জিঘাংসামূলক কর্মকাণ্ডে আমি বিব্রত। এতে আমার মানহানি হচ্ছে। শুধু তাই নয়, তার এই সব বক্তব্যে জনমনে শিল্পীদের সম্পর্কে নেতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। এটা সকল চলচ্চিত্র শিল্পীদের ইমেজকেই ক্ষুণ্ণ করছে। আমাকে হেয় করাসহ জেনিফার ফেরদৌসের এইসব বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছি।’

প্রযোজকের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়ে মাহি লেখেন, ‘এমতাবস্থায় জনাবের নিকট আকুল আবেদন, প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন। সেই সঙ্গে আমাকে মানহানি করার বিচার করে শিল্পীদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার অনুরোধ জানাচ্ছি।’

আশীর্বাদ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৬ আগস্ট। আশীর্বাদ মুক্তিযুদ্ধের সিনেমা। আবার এ সময়ের গল্পও আছে। এ সিনেমাতে মুক্তিযুদ্ধে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ভূমিকা দেখান হয়েছে।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমার পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। এখানে মাহি রয়েছেন নায়িকার ভূমিকায়। তার বিপরীতে নায়ক জিয়াউল রোশান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *