আজকের দিনেই পৃথিবীতে এসেছেন প্রবীর মিত্র ও নায়ক ফারুক

দুজনেরই প্রায় কাছাকাছি সময়ে সিনেমায় আবির্ভাব। একজন বাংলার মানুষের কাছে পরিচিত পর্দার ‘নবাব’ হিসেবে, আরেকজন ‘মিয়া ভাই’। অভিনয় দিয়ে পেয়েছেন কোটি মানুষের ভালোবাসা। দুজনেরই জন্মদিন আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট)।

বলছি ঢাকাই সিনেমার বর্ষীয়ান অভিনেতা প্রবীর মিত্র এবং ফারুকের কথা। জন্মদিনে এই দুই তারকাকে স্মরণ করছেন সিনেমার মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা।

যদিও এই দুই তারকা শারীরিকভাবে কিছুটা অসুস্থ। এরমধ্যে নায়ক ফারুক চিকিৎসা নিতে দীর্ঘ দিন ধরে অবস্থান করছেন দেশের বাইরে। ৮১ বছর বয়সী প্রবীর মিত্রও এখন বার্ধ্যক্যে উপনিত। দেড় বছরের বেশি সময় ধরে অসুস্থ রয়েছেন তিনি। আগের মত আর হাঁটাচলা করতে পারেন না।

তার দিন কাটছে ঘরে হুইল চেয়ারে বসে কিংবা বিছানায় শুয়ে। মাস ছয়েক আগে ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন অস্টিওপরোসিসে রোগের। এখন সপ্তাহে তার তিনবার কেমো দিতে হয়। নীরবে নিভৃতে ও একাকিত্বে ধানমন্ডিতে ছেলের বাসায় দিন কাটাচ্ছেন এ অভিনেতার।

তবে জন্মদিনের বিশেষ মুহূর্তটি ঘরোয়া আয়োজনে পালন করবেন। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় প্রবীর মিত্রের পুত্রবধু সোনিয়া জানান, প্রবীর মিত্র আগের মতো সুস্থ না থাকলেও প্রতি বছরের মতো এবারও পারিবারিক আয়োজনে জন্মদিন পালনের উদ্যোগ নিয়েছেন।

অন্যদিকে দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নায়ক ফারুক। সেখান থেকে জন্মদিন উপলক্ষে একটি টিভি চ্যানেলকে দেওয়া ভিডিওবার্তা পাঠিয়ে দোয়া চেয়েছেন তিনি।

ফারুক বলেন, সবার কাছে অনুরোধ, কেউ গুজবে কান দেবেন না। আল্লাহর রহমতে আমি ভালো আছি। খুব শিগগিরই দেশে ফিরব।

এ সময় কান্নায় ফারুকের কণ্ঠ জড়িয়ে আসে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে তিনি বলেন, ‘দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *