কান্না জড়ানো কণ্ঠে ভিডিও বার্তায় যা বললেন নায়ক ফারুক

ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য এবং জনপ্রিয় অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ। ২০২১ সালের ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা অনেকটা ভালোর দিকে।

আগামীকাল ১৮ আগস্ট নায়ক ফারুকের জন্মদিন। বিশেষ দিনটি উপলক্ষে তিনি একটি ভিডিও বার্তা দিয়েছেন। একটি টিভি চ্যানেলকে পাঠানো সেই ভিডিওতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বরেণ্য এই নায়ক বলেন, ‘আমার জন্মদিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না। আমি আল্লাহর রহমতে ভালো আছি। ইনশাআল্লাহ, আমি খুব শিগগির দেশে ফিরব।’

কথা বলতে বলতে কান্নায় ফারুকের কণ্ঠ জড়িয়ে আসে। সেই জড়ানো কণ্ঠে দোয়া চেয়ে তিনি বলেছেন, ‘দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই, যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি।’

ভিডিও বার্তায় ফারুক জাতীয় স্লোগানও দেন, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এ নায়ক।

উল্লেখ্য, প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন নায়ক ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্যদিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন মিষ্টি মেয়ে কবরী।

এরপর ১৯৭৩ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও ১৯৭৪ সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল এ দুটি সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেন তিনি।

১৯৭৫ সালে তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ সিনেমা দুটি ব্যাপক ব্যবসাসফল হয়। ওই বছর ‘লাঠিয়াল’র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ১৯৭৬ সালে ‘সূর্যগ্রহণ’ ও ‘নয়নমণি’, ১৯৭৮ সালে শহীদুল্লাহ কায়সারের উপন্যাস অবলম্বনে নির্মিত আবদুল্লাহ আল মামুনের ‘সারেং বৌ’, আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’সহ বেশকিছু সিনেমায় ‘মিয়া ভাই’খ্যাত চিত্রনায়ক ফারুকের অভিনয় প্রশংসিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *