নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন ঢাকাই সিনেমার অন্যতম ও জনপ্রিয় অভিনেতা শাকিব খান। ১৭ আগস্ট দিনের প্রথম ভাগে ঢাকায় ঢুকবেন বলে জানিয়েছেন নির্মাতা হিমেল আশরাফ।
শাকিব খানের ক্যারিয়ারে এত দিন কখনও দেশের বাইরে ছিলেন না তিনি। দেশে ফেরার মুহূর্তটিকে আনন্দঘন করতে প্রস্তুতি নিচ্ছেন শাকিব ভক্তরা। চলছে সংবর্ধনার প্রস্তুতি।
এ উপলক্ষে বিভিন্ন জেলা থেকে ঢাকার আসছেন ভক্তরা। দ্য কিং অফ ঢালিউড সুপারস্টার শাকিব খান (অফিশিয়ল গ্রুপ) ফেসবুক গ্রুপে শেয়ার হচ্ছে এসব তথ্য।
গ্রুপে পোস্ট হওয়া তথ্য অনুযায়ী গাজীপুর, সিরজগঞ্জ, চট্টগ্রাম, সিলেট থেকে ভক্তরা আসছেন শাকিবকে সংবর্ধনা জানাতে। প্রিন্ট করা হচ্ছে স্বাগত জানানোর ব্যানার।
শাকিব খান ভক্তদের কাছে এলে কী স্লোগান দেয়া যেতে পারে সেটিও নির্ধারণ করে পোস্ট করা হয়েছে গ্রুপে। স্লোগানগুলো এমন-
‘কিং কিং কিং খান; মেগাস্টার শাকিব খান’
‘শাকিব খানের জন্য; বাংলাদেশ ধন্য’
‘সুপারস্টারের আগমন; শুভেচ্ছায় স্বাগতম’
‘কিং খানের আগমন; শুভেচ্ছায় স্বাগতম’
‘১ ২ ৩; ঢালিউড কিং’
‘১ ২ ৩ ৪; শাকিব খান মেগাস্টার’
‘চলচ্চিত্রের প্রাণ; শাকিব খান, শাকিব খান’
‘আজকের সারাদিন; শাকিবিয়ানদের ঈদের দিন’
শাকিব ভক্তদের সম্মিলিত এ আয়োজন যেন সুন্দরভাবে হয় সেজন্য কিছু গাইডলাইন দিয়ে এক ভক্ত পোস্ট করেছেন গ্রুপে। সেখানে বলা হয়েছে, গরমের জন্য সবাই ক্যাপ, সানগ্লাস, পানির বোতল সঙ্গে রাখতে পারেন।
ইউটিউবাররা ভক্তদের বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়াতে পারে। তাই সতর্ক থেকে শাকিব খানের বর্নাঢ্য ক্যারিয়ার তুলে ধরতে অনুরোধ করা হয়েছে পোস্টে।
উল্লেখ্য, ৯ মাস যুক্তরাষ্ট্রে ছিলেন সুপারস্টার শাকিব খান। মঙ্গলবার সকাল ১১টার ফ্লাইটে নিউইয়র্কে জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। সব ঠিক থাকলে বুধবার (১৭ আগস্ট) সকাল ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্ধরে পা রাখবেন শাকিব।
