তিশাকে আমার মেয়ের মতোই ভালোবাসি: কনকচাঁপা

জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার কনক চাঁপা এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার মধ্যে চেহারাগত বেশ মিল। এমন দাবি স্বয়ং কনক চাঁপার। সে কারণে অনেকে তাকে এবং তিশাকে মা-মেয়ে মনে করেন। এমনিতেও এই দুই তারকার মধ্যে গলায় গলায় ভাব।

কিন্তু সত্যি কি কনক চাঁপা আর তিশা মা-মেয়ে? সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সেই বিষয়টাই পরিষ্কার করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়িকা কনক চাঁপা। সঙ্গে অভিনেত্রী তিশার সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

কনকচাঁপা লেখেন, ‘তিশা খুবই ভালো একজন অভিনয়শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক পছন্দ করে এবং মায়ের মতোই শ্রদ্ধা করে। ছবিটি আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিনরুমে তোলা। আমি মনে মনে ভাবছিলাম তিশার সাথে ছবি তুলি ঠিক সেই মুহুর্তেই তিশা বললো, মা আসো আমরা ছবি তুলি। সারা পৃথিবীর মানুষ আমাকে তোমার মেয়ে জানে সেক্ষেত্রে তোমাকে মা ছাড়া আর কি ডাকি বলো?’

এই গায়িকা আরও লেখেন, ‘যাইহোক সত্যি কথা হলো তিশা আমার কন্যা নয়। আমার চেহারার সাথে তিশার কোথাও কোনো মিল হয়তো আছে, এজন্যই আপনারা এভাবে ভাবতে ভালোবাসেন। আমার একটাই মেয়ে যার নাম ফারিয়া ইসলাম খান…তবে তিশাকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। এবার নিশ্চয়ই আপনাদের ধারণা বদলাবে। ভালো থাকবেন সবাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *