‘ইতিহাস’খ্যাত চিত্রনায়ক কাজী মারুফ ২০১৫ সাল থেকে আমেরিকায় যাওয়া-আসার মধ্যে। ২০১৯ সালে দেশটির গ্রিন কার্ড পান তিনি। আপাতত সেখানেই স্থায়ী ‘ইতিহাস’ খ্যাত এই নায়ক। সেখানে থেকে ‘গ্রিন কার্ড’ নামে একটি সিনেমাও বানিয়েছেন।
অন্যদিকে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান গত বছরের নভেম্বর থেকে আমেরিকার নিউইয়র্কে বসবাস করছেন। ইতিমধ্যে সেখানকার নাগরিকত্বের পেয়ে গেছেন। নিউইয়র্কে থেকে তিনিও নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন।
আমেরিকায় থাকার সুবাদে শাকিব ও মারুফের প্রায়শই দেখা হচ্ছে, কথা হচ্ছে। নিয়মিত নানান আড্ডায়, হাসি-আনন্দে মুখর হচ্ছেন তারা। এভাবে একে অপরকে কাছে পেয়ে, সময় কাটিয়ে দারুণ এক বন্ধুত্বেও জড়িয়ে গেছেন দুই নায়ক।
এদিকে দীর্ঘ ৯ মাস পর শাকিব খান এখন দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। দেশে ফেরার আগে কাছের কিছু মানুষকে নৈশ ভোজও করিয়েছেন তিনি।

শাকিবের সঙ্গে নৈশ ভোজে অন্যান্যদের মধ্যে ছিলেন অভিনেতা কাজী মারুফ ও তার স্ত্রীও। কাজী ফারুফ তার ফেসবুক পেজে লেখেন, ‘চমৎকার ডিনারের জন্য শাকিব খানকে ধন্যবাদ। আমি ও আমার স্ত্রী, আশরাফুল আলম খোকন ভাই এবং হিমেল আশরাফ ভাইয়ের সঙ্গে ভালো সময় কাটিয়েছি। আপনার (শাকিব খান) কৃতিত্বের জন্য আবারও অভিনন্দন।’
জানা গেছে, আগামী ১৭ আগস্ট সকাল ১১টায় দেশের মাটিতে পা রাখবেন শাকিব। এ খবর শুনে বসে নেই তার অনুরাগীরা। প্রিয় তারকাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। ঢালিউড সুপারস্টারকে ফুলের মালা দিয়ে বরণ করার ইচ্ছা আছে তাদের।
