ইয়াশ রোহান অভিনীত প্রথম সিনেমা ‘স্বপ্নজাল’। প্রথম সিনেমায় অভিনয় করেছেন পরীমনির বিপরীতে। তার অভিনীত দ্বিতীয় সিনেমা ‘পরাণ’ মুক্তি পেয়েছে গত ঈদে। এই সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিমের বিপরীতে। আগামী মাসে মুক্তি পাবে ‘দেশান্তর’। এ ছাড়া ‘পর্দার আড়ালে’ নামে নতুন একটি সিনেমায় অভিনয় করছেন।
শিল্পী পরিবারে জন্ম তার। অভিনয় তার রক্তে বহে। কেননা, বাবা-মা দুজন শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ। তবে সেই তুলনায় কাজ করেছেন খুবই বেছে বেছে। স্বপ্নজাল থেকে পরাণের এই পথচলাটার যাত্রাটা জানালেন রোহান।
তবে সহজ-সরল চরিত্র থেকে নেগেটিভ চরিত্রে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে রোহান বলেন, ‘আমি তো চাই সব চরিত্রই করতে। বাকিটা নির্মাতাদের হাতে। তারা যখন আমাকে এমন চরিত্র দেবেন, তখনই আমি করতে পারব।’
‘পরাণ’ সিনেমাটি ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিলো কি-না? জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ, পরাণ শুধু আমার ক্যারিয়ার নয়, জীবন বদলে দিয়েছে। পরাণ ক্যারিয়ারে প্রথম সিনেমা, যেটি ঈদে মুক্তি পেয়েছে। পাশাপাশি সফল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। যা আমার জন্য বিরাট পাওয়া।
সিনেমাটিতে আপনার অভিনয় দারুণ প্রশংসিত হলেও ফোকাসের জায়গায় একটু কমতি লক্ষ্য করা গেছে। এতে কোনো আক্ষেপ রয়েছে কী?
তিনি বলেন, না, আমি সেটা ফিল করছি না। আমি মনে করি, চরিত্র, অভিনয় অনুযায়ী যতটুকু ফোকাস আমার প্রাপ্য তার সবটাই দেওয়া হয়েছে। আমি কখনোই এটা ভাবছি না যে, রাজ ভাইকে বেশি এবং আমাকে কম ফোকাস দেওয়া হচ্ছে।
অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাও জানালেন ইয়াশ রোহান। বলেন, দেখুন, আমাদের ইন্ডাস্ট্রিতে অভিনয় নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করা আসলে খুব কঠিন। কারণ ১০ বছর পর কী হবে বা করব কেউ বলতে পারি না। এমনকি সামনের মাসে কী কাজ করব সেটাই বলতে পারি না। হয়তো রাতে কল পাবো এবং ৭ দিনের মাঝে শুটিং শুরু করব। আবার এমনও হতে পারে যে, দু-মাস কোনো কাজ নেই। আসলে সামনে কী কাজ করব এটা নিয়ে আমরা একটু অন্ধকারে থাকি।
অনেকেই বলেন, নতুনদের সেভাবে সুযোগ দেওয়া হয় না। সেই জায়গায় আপনার অভিজ্ঞতা কেমন ছিল? তিনি বলেন, শুধু আমাদের ইন্ডাস্ট্রি নয়, পৃথিবীর সব ইন্ডাস্ট্রিতেই নতুনদের জায়গা তৈরি করতে সময় লাগবেই। নিজেকে প্রমাণ করতে কষ্ট, পরিশ্রম করতেই হবে। তবে নিজেকে প্রমাণ করতে পারলে অবস্হান তৈরি করা খুব কঠিন না। তবে বর্তমানে নানা ধরনের কাজ হচ্ছে, শিল্পীরা বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করার সুযোগ পাচ্ছে।
