বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, দেশ বেহেশতে আছে- কে বলেছেন আমি জানি না। তবে জীবিত অবস্থায় তো বেহেশত পাওয়া যায় না। বেহেশত-দোজখ মানুষ মারা গেলে বুঝতে পারেন।
রোববার সকালে তিন দিনের সফরে রংপুরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, বিশ্ব বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশে ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশে আমদানি নির্ভর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিশ্ব বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ দাম নির্ধারণে ট্যারিফ কমিশন কাজ করছে। এছাড়া বৈশ্বিক বাজারে দাম কমার ফলে দেশের বাজারেও পণ্যের দামের কিছুটা প্রভাব পড়া শুরু করেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক মন্দা এখন বিশ্বজুড়ে। এই অবস্থায় কোনো মানুষই ভালো নেই। দেশ থেকে যদি ডলার পাচার হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের ডলার সংকটের কারণে সারা পৃথিবী জুড়ে ডলারের দাম বেড়েছে তা আমরা বলতে পারি না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানেও ডলারের দাম বৃদ্ধি পেয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ হওয়াই এখন আমাদের কাম্য।
বিরোধীদল হিসেবে বিএনপি ও জাতীয় পার্টির আন্দোলন করার অধিকার রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বৈশ্বিক এ সংকটকে পুঁজি করে গণতান্ত্রিকভাবে আন্দোলন করে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সরকার তাদের বাধা দেবে না। তারাও ক্ষমতায় ছিলো। কিন্তু সেই আন্দোলন হতে হবে গণতান্ত্রিক ধারায়। তাহলে দেশে গণতান্ত্রিক চর্চাটা অব্যহত থাকবে।
