গেল নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। এরপর কেটে গেছে প্রায় ৯ মাস। ভক্তরাও অপেক্ষায় আছেন কবে দেশে ফিরবেন ঢালিউডের এই ‘রাজকুমার’। এর আগে তিন দফায় তারিখ দিয়েও দেশে আসেননি। অপেক্ষা বাড়িয়েছেন ভক্তদের। আবারও দেশে আসার নতুন তারিখ জানিয়েছেন কিং খান। আগামী ১৭ আগস্ট তার দেশে ফেরার কথা।
এবার কথা রাখবেন তো কিং খান? নাকি এবারও ফাঁকি দেবেন? উঠছে এমন প্রশ্ন। তবে এবার শাকিব খানের দেশে আসা অনেকটা নিশ্চিত বলেই জানা গেছে। এরইমধ্যে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদনও ছাপা হয়েছে।
সেই ধারাবাহিকতায় শনিবার দেশের একটি ইংরেজি দৈনিককে শাকিব খান জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে যুক্তরাষ্ট্র থেকে রওনা হয়ে ১৭ আগস্ট দুপুর ১২টায় তিনি ঢাকায় পৌঁছাবেন। অভিনেতা বলেন, ‘দীর্ঘদিন পর দেশে ফিরছি। অসম্ভব একটা ভালো লাগা কাজ করছে। এত দীর্ঘ সময় কখনো দেশের বাইরে থাকিনি।’
কিং খান আরও জানান, ‘দেশে ফিরে কিছু জমে থাকা কাজের শুটিং করবো। নতুন সিনেমার শুটিং করবো সেপ্টেম্বর থেকে।’
সেই নতুন সিনেমা কী? জানা গেছে, দেশে ফিরে সরকারি অনুদানের ‘মায়া’ সিনেমার কাজ শুরু করবেন শাকিব খান। এর প্রযোজকও তিনি। এখানে তার বিপরীতে আছেন পূজা চেরি।
শাকিব খান প্রথম দেশে আসার কথা জানান গত রোজার ঈদে। আসেননি। এরপর ঈদুল আজহায় আসবেন বলে জানান। সে বারও আসেননি। সবশেষ ১৫ আগস্ট দেশে ফেরার কথা ছিল নায়কের। কিন্তু জরুরী মিটিং থাকায় দুদিন বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন শাকিব খান।
তবে এবার সত্যি আসবেন কি না, সেটা ১৭ আগস্ট এলেই বোঝা যাবে।
গত বছরের ১২ নভেম্বর যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। নয় মাসের এই প্রবাসজীবনে শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যানারে ৪৩তম জন্মদিনে ‘রাজকুমার’ সিনেমার ঘোষণা দিয়েছেন; নায়িকা মার্কিন নবাগত অভিনেত্রী কোর্টনি কফি। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মারিনা কনভেনশন হলে জমকালো আয়োজনে সিনেমাটির মহরত হয়।
