প্রযোজককে নিয়ে এবার মুখ খুললেন মাহিয়া মাহি

মুক্তি পেতে যাচ্ছে রোশান-মাহিয়া মাহি অভিনীত ছবি ‘আশীর্বাদ’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ২০১৯-২০ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ আগস্ট।

মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন প্রযোজক জেনিফার ফেরদৌস। সেখানে প্রযোজক ও পরিচালক ছাড়াও ছিলেন প্রবীণ নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, প্রযোজক নেতা কামাল কিবরিয়া লিপু। কিন্তু এ সংবাদ সম্মেলনে ছবির নায়ক-নায়িকা কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে নায়ক-নায়িকা কেন উপস্থিত নেই, শুরুতেই এক সংবাদকর্মীর এমন প্রশ্নে সিনেমাটির প্রযোজক জেনিফার বলেন, ‘আমাদের ছবির পোস্টার তাঁরা ফেসবুকে শেয়ার করেননি। যেহেতু তাঁরা শেয়ার করেননি, মনে হয়েছে আমাদের ছবির অংশ হিসেবে তাঁরা খুশি নন। সে জন্য আমি ও আমার পরিচালক সংবাদ সম্মেলনের ব্যাপারে তাঁদের ফোন করে জানাইনি।’

সে অনুষ্ঠানে তিনি এই সিনেমার নায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে খারাপ আচরণের অভিযোগ তোলেন। এমনকি তার জন্য প্রোডাকশন বয়কে বাদ দিতে হয়েছিল বলে জানান তিনি।

এমন অভিযোগের বিরুদ্ধে এবার মুখ খুললেন মাহিয়া মাহি। গণমাধ্যমকে মাহি বলেন, আপা বলেছে আমার কারণে নাকি একটি ছেলেকে শুটিং সেট থেকে বের করে দেয়া হয়েছিলো। বিষয়টি পুরোটাই মিথ্যা।

সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে এই চিত্রনায়িকা বলেন, আমরা সেদিন শুটিং করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুটিংয়ের কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিলো। এর কিছুক্ষণ পরেই আমাদের শট ছিলো মাঠে। বৃষ্টির কারণে মাঠ অনেকটাই ভেজা ছিলো। সেই অবস্থায় শুট করতে গিয়ে আমার এলার্জির কারণে শরীরে চুলকানি শুরু হয়। আমি তখন তাড়াতাড়ি গাড়িতে গিয়ে ড্রেস চেঞ্জ করি। আমাদের প্রোডাকশনে মেয়ে বলতে আমরা দুইজনই ছিলাম। কাউকে তেমনভাবে কিছু বলতেও পারছিলাম না।

তিনি আরও বলেন, সেই অবস্থায় আমার সহকারী বলছিলেন, নারিকেল তেল দিতে। কিন্তু আশেপাশে তেমন কোন দোকানও ছিলো না। যার কারণে বেশ বেকায়দায় পড়ে গিয়েছিলাম আমি। তখন বেশ কয়েকবার আমার সহকারী সেই প্রোডাশন বয়কে একটু তেল ব্যবস্থা করে দিতে বললে তিনি এক প্রকার রেগে বলেন, ম্যাডামের জন্য আগে গরুর মাংস ব্যবস্থা করি, তারপর সব হবে। একটা মানুষ মারা যাচ্ছে আর অন্যজন গরুর মাংস খাবে, সেটা কি করে হয়? মানবতা বলতেও তো একটা কথা থাকে। শুধু আমি নই আমাদের অনেক আর্টিস্টদের কোন সম্মান করা হয়নি শুটিং সেটে।

ছবিটির প্রচারে তাকে কেন দেখা যাচ্ছে না- এমন প্রশ্নের জবাবে মাহি বলেন, কিছুদিন আগে এক সাংবাদিক আমাকে কল দিয়ে জানিয়েছেন, ছবিটি ১৯ আগস্ট মুক্তি পাচ্ছে। আমি বললাম কোন সিনেমা। তিনি বললেন, ‘আশীর্বাদ’। তাঁর কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম। কারণ আমি এই বিষয়ে কিছুই জানতাম না। ছবির সংশ্লিষ্ট কেউ আমাকে একবার জানায়ও নাই। শুধু তাই নয় ছবির প্রচারণা কিভাবে কি হবে, সে বিষয়েও কেউ আমাকে কিছুই বলে নাই। সবকিছু মিলিয়ে আমি বেশ বিরক্ত।

এর আগে ছবির বাজেট ও প্রযোজকের পেশাদারিত্ব নিয়ে এই সিনেমার নায়ক রোশানও প্রশ্ন তোলেন।

‘আশীর্বাদ’ সিনেমাটির সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *