বাংলাদেশ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আসছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটা আট মিনিটে তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ রিপি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ‘আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সর্ব শক্তিমান। বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল অধিবেশনে তানজিম আহমদ (সোহেল তাজ) দলীয় নেতৃত্বে আসছেন ইনশাআল্লাহ। জয় বাংলা! জয় বঙ্গবন্ধু! জয়তু শেখ হাসিনা!! বাংলাদেশ চিরিজীবি হোক।’
মিমির এই স্ট্যাটাসের পর স্যোশাল মিডিয়ায় সোহেল তাজের ভক্তরা অভিনন্দন জানাতে হুমড়ি খেয়ে পড়েন। সোহেল তাজের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে দেখা দেয় চাঙা ভাব।
এতে মন্তব্য করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। তিনি লেখেন, এই খবরটা শোনার অপেক্ষায় ছিলাম দীর্ঘদিন। বন্যেরা বনে সুন্দর, সোহেল তাজরা রাজপথে। লেখা শেষে একটি লাভ রিঅ্যাক্ট দেন।
মন্তব্য করেছেন মডেল, অভিনেত্রী ইয়াসমিন তাজরিন জাহান তারিন। তিনিও শুভ কামনা জানিয়েছেন।
সোহেল তাজের একজন ভক্ত লিখেছেন, সোহেল তাজকে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতিতে দেখতে চাই। তার গ্রহণযোগ্যতা ও সততা নিয়ে কোনও সন্দেহ নেই। বাবার মতোই সৎ ও সাহসী তিনি। মাদক, ধ’র্ষ’ণ, দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যুদ্ধ শুরু করেছেন এই যুদ্ধে তার সেনাপতি হতে পারেন সোহেল তাজ। দ্রুততম সময়ে দেশ থেকে এসব অপরাধ নির্মূলে সোহেল তাজের বিকল্প নেই।
আসন্ন সম্মেলনে আওয়ামী লীগে কিছু পরিবর্তন আসতে পারে বলে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীর মধ্যে আলোচনা রয়েছে। বর্তমানে কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন এমন জায়গা থেকে কেউ কেউ বাদ পড়তে পারেন। আবার দলের তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্বও আনা হতে পারে। দলের গঠনতন্ত্রে কিছু সংশোধনী বা সংযোজন আসতে পারে।
আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের একাধিক নেতা বলেছেন, আসন্ন কাউন্সিল অধিবেশনে স্বচ্ছ ভাবমূর্তির নেতাদের নেতৃত্বে আনা হবে। গুরুত্বপূর্ণ পদে থেকে যারা নিজেকে বিতর্কিত করেছেন, তাদের অনেককে বাদ দেয়া হবে। আবার কাউকে কাউকে কম গুরুত্বপূর্ণ পদ দেয়া হবে।
আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনের দায়িত্ব কাউন্সিলরদের। যদিও কাউন্সিলররা বরাবরই এ দায়িত্ব তুলে দেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাঁধে। তাই সোহেল তাজকে কোন পদে দায়িত্ব দেয়া হবে তা নির্ভর করবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর।
সোহেল তাজ আওয়ামী লীগের নেতৃত্বে আসার বিষয়ে জানতে চাইলে দলের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.আমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, সোহেল তাজের জন্য আওয়ামী লীগের দরজা সব সময় খোলা। আমাদের দলের সভাপতি শেখ হাসিনাও চান সোহেল তাজ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হোক। জাতীয় চার নেতার সন্তানেরা আওয়ামী লীগের নেতৃত্বে থাকুক, এটি নেত্রীও চান।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সংগঠক তাজউদ্দীন আহমদ ও সৈয়দা জোহরা তাজউদ্দীনের একমাত্র ছেলে তানজীম আহমদ সোহেল তাজ। সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে ২০০৯ সালে পদত্যাগ করেন। ২০১২ সালে সংসদ সদস্য পদও ছাড়েন তিনি।
