অভিনেতা নিলয় আলমগীর ছোট পর্দার কাজ নিয়ে বেশ ব্যস্ত। ইউটিউবে নিয়মিত আসছে তার নতুন নতুন নাটক। গত ঈদুল আজহায় ‘মিস্টার কিপ্টা’সহ নিলয় অভিনীত বেশকিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।
নিলয় বলেন, গত ঈদে ১৮টি নাটক ইউটিউবে প্রচারিত হয়েছে। বেশির ভাগ এন্টারটেইনিং নাটকে অভিনয় করেছি। ক্রিটিক বা সিরিয়াস কাজ করিনি। কারণ, ওগুলোর ভিউ হয় না। অনেকে বলে ভালো হয়েছে, এই হয়েছে, সেই হয়েছে কিন্তু ভিউ নেই। ১০ জন মানুষ যে কাজ নিয়ে প্রশংসা করেন, সেটা আরও অনেকেই দেখেছেন। অনেক ভিউ হওয়ার কথা। বুঝি না কেন ভিউ হয় না।
তিনি বলেন, যে কাজটা সবচেয়ে বেশি ভালো হয়েছে, প্রশংসা করছে, ভিউ কম কেন থাকবে? কাজ ভালো হয় কিন্তু ভিউ কম—এটা একধরনের হিপোক্রেসি কথাবার্তা। ভালো কাজ সারা জীবন মানুষের মনে থাকবে। ভালো কাজ দর্শক দেখে না—এটা ভোগাস কথাবার্তা। ভালো কাজের ভিউ হয় না, সেটা ভালো কাজ হলো কীভাবে?
অভিনীত কাজগুলো নিয়ে নিজে খুশি বলেও জানালেন নিলয়। বলেন, আমি এখন যে নাটকগুলো করছি, সেগুলো নিয়ে বলা হয়, কাজগুলোর প্রভাব দীর্ঘদিন থাকে না। এগুলো ভিউজের বিচারে পপুলার হয়। দর্শক দেখে ভুলে যান। কিন্তু ভিউ হয়। যাহোক আমি আমার কাজগুলো নিয়ে খুশি। এই কাজগুলো স্বল্প সময়ের জন্য দর্শক মনে রাখবেন। এই গল্পগুলো সবাই করতে চায় না, আমি করেছি। এ জন্য বাজে মন্তব্যও দেখেছি।
বেশির ভাগ নাটকের অভিনেত্রী জান্নাতুল হিমি থাকার কারণও ব্যাখ্যা করেছেন এই অভিনেতা। নিলয় বলেন, এর বেশ কিছু কারণ আছে। প্রথমত, সহশিল্পী হিসেবে হিমি আমার জন্য খুবই ভালো। দর্শক আমাদের জুটিকে পছন্দ করেছেন। আমাদের নাটকের ভিউ হয়। আর অন্য অনেক নায়িকা আছেন, যাঁরা শিডিউল নিয়ে ঝামেলা করেন। অনেকেই ঠিকমতো ডেট দিতে চান না। এ কারণেই হিমির সঙ্গে আমার বেশি কাজ হয়। ডেট নিয়ে ঝামেলা নেই। আমাদের বোঝাপড়া ভালো। আমাদের নাটক দর্শক পছন্দ করেন। এটাই মূল একটা কারণ।
