মিডিয়ার মানুষ বাবা-মা হলে কেমন যেন ভয় হয়: সিদ্দিক

অভিনেত্রী পরীমণি ও অভিনেতা শরিফুল ইসলাম রাজ ছেলে সন্তানের মা-বাবা হয়েছেন। সন্তানের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরী। বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ রয়েছেন।

তারকা দম্পতির সন্তান হওয়ার পরই বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হয়। আর এই গণমাধ্যমের বরাতেই পরী ও রাজের মা-বাবা হওয়ার বিষয়টি জানতে পেরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ভেরিফাইড ফেসবুকে নবজাতকের সঙ্গে অভিনেত্রী পরীমণির একটি ছবি পোস্ট করে এক স্ট্যাটাস দেন অভিনেতা সিদ্দিক।

সিদ্দিক স্ট্যাটাসে লিখেন, “সকালে ঘুম থেকে উঠে একটা নিউজ চোখে পড়ল, পরীমণি মা এবং শরিফুল রাজ বাবা হয়েছে। সঙ্গে সঙ্গে আমার বাবা হওয়ার কথা মনে পড়ে গেল, কারণ আমি বাবা হওয়ার আগে আমার বাবার অনুভূতিটা বুঝতে পারি নাই। আমি আজ বড় হয়েছি, তারপরও বাবা এখনও আমার জন্য রাত জেগে বসে থাকে, আমি ঘরে ফিরেছি কিনা? বারবার জিজ্ঞাসা করে, সুযোগ পেলেই দরজার ফাক দিয়ে আমাকে একটু দেখে, ছেলেটা ঘুমিয়েছে কিনা? আমি আমার সন্তানের জন্য তাই করি, আসলেই সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্কটা ঠিক এমনই।”

তিনি আরও লিখেছেন, “কিন্তু আমাদের মিডিয়ার মানুষগুলো যখন বাবা বা মা হয়, ঠিক তখনই আমার কেমন যেন ভয় হয়। আমাদের ভুল সিদ্ধান্তের কারণে এই নিষ্পাপ সন্তানের জীবনটা নষ্ট হবে না তো? গত তিন বছর ধরে এ ভাবনাগুলো কেন যেন একটু বেশি পরিমাণে হয়। হতে পারে আমার একমাত্র সন্তান আরশ হোসাইনের কারণে। প্রবাদে আছে না, চুন খেয়ে মুখ পুড়েছে দই দেখলে ভয় লাগে…।”

সবশেষ জনপ্রিয় এই অভিনেতা লিখেছেন, “আমি আল্লাহ পাকের কাছে দোয়া করি সবার প্রিয় পরীমণি এবং শরিফুল রাজের সন্তানের জন্য। বাবা সোনাটা তুমিও বড় হও বাবা-মার ভালোবাসা এবং দেশবাসীর দোয়া নিয়ে। তোমার জীবনের শত শত ঘটনা থাকুক কিন্তু দুর্ঘটনা যেন না থাকে। আল্লাহপাক সবার সহায় হোক, আমিন…।”

উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ অক্টোবর সংসার ভাঙে অভিনেতা সিদ্দিকুর রহমানের। ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মীমকে বিয়ে করেছিলেন তিনি। মীম মডেলিংয়ের সঙ্গে যুক্ত। ২০১৩ সালের ২৫ জুন সাবেক এই দম্পতির সংসারে আসে পুত্রসন্তান আরশ হোসেন আলিফ। বাবা-মায়ের বিচ্ছেদের পর আরশ তার বাবা সিদ্দিকের সঙ্গেই থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *