ছেলের মা–বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমনি ও চিত্রনায়ক শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম দেন পরীমনি।
বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবার ছেলের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন দুপুরে রাজও শেয়ার করেন ছেলের ছবি।
ফেসবুকে শেয়ার করা ছবির ক্যাপশনে ছেলের নাম জানিয়ে পরীমনি লিখেছেন, ‘শাহীম মুহাম্মদ রাজ্য। তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপুত্র।’
এদিকে রাজ দুটি ছবি পোস্ট করেছেন। একটি পরীমনির সাথে সদ্যজাত সন্তানের, এবং অন্য ছবিতে রাজ্য’র পায়ের ছাপওয়ালা একটি ছবি! শেয়ার করেছেন নিজের অনুভূতির কথা।
সেখানে তিনি জানিয়েছেন, প্রথমবার বাবা হওয়াটা জীবনের সেরা মুহূর্ত তার কাছে।
রাজ বলেন, ‘হ্যাঁ, তুমি এটা করেছ আমার প্রিয় সঙ্গী, আমি সততার সঙ্গে বলতে পারি যে, এটি আমার জীবনের সেরা মুহূর্ত।’
ছোট রাজ্য যেন তারকার মতো বড় হয়, সেই আশাবাদ ব্যক্ত করে রাজ লেখেন, ‘ওই ছোট পা আমাদের হৃদয়ে সবচেয়ে বড় পায়ের ছাপ তৈরি করেছে। তোমরা দুজনেই (পরী ও রাজ্য) আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটিয়েছ।
এরপর সদ্য জন্ম নেওয়া পুত্রের উদ্দেশ্যে রাজ লিখেছেন, ‘নক্ষত্রের মতো বেড়ে ওঠো, বাবা-মায়ের মতো সাহসী হও।’
সবশেষে স্ত্রী পরীমণিকে ‘রকস্টার’ সম্বোধন করে রাজ লেখেন, ‘অনেক অভিনন্দন আমার প্রিয় রকস্টার পরী।’
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমণি ও রাজ। মাত্র সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি।
