কবে দেখা যাবে পরীমণির সন্তানকে, জানালেন চয়নিকা চৌধুরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সন্তানকে দশদিন পর দেখা যাবে বলে জানিয়েছেন নাট্যকার ও চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী।

বুধবার (১০ আগস্ট) পরীমনির সন্তানের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান চয়নিকা। তবে পরীর সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রাখার কারণে তিনি নিজেও দেখতে পারেননি।

চয়নিকা জানান, পরী ও তার সন্তান ভালো আছে। পরীর সঙ্গে রয়েছেন তার স্বামী অভিনেতা শরীফুল রাজ। বাচ্চার নিরাপত্তার স্বার্থে সরাসরি কাউকে দেখানো হচ্ছে না। দশদিন পর দেখা যাবে পরীমনির সন্তানকে।

এর আগে বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের মা হন পরীমনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেন, ‘খুবই ভালো লাগছে। এই অনুভূতি প্রকাশ করার ক্ষমতা আমার নেই। মা ও সন্তান দুজনেই সুস্থ আছে। আপনারা সবাই দোয়া করবেন।’

এর আগে চিকিৎসক জানিয়েছিলেন, চলতি মাসের শেষের দিকে মা হবেন তিনি। তবে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে— সে ব্যাপারে জানার আগ্রহ দেখাননি পরীমণি ও রাজ। অবশ্য পূর্বপ্রস্তুতি হিসেবে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন, কন্যাসন্তান হলে নাম রাখবেন রানী আর পুত্রসন্তান হলে নাম রাখবেন রাজ্য।

পরী-রাজের বিয়ের ঘটক মূলত গিয়াসউদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমা। এই চলচ্চিত্রে শ্যুটিংয়ের সময় রাজকে মনে ধরে পরীর। সাত দিনের মাথায় লুকিয়ে গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন তারা। পরে বিয়ের খবর ও মা হওয়ার খবর এ বছরের ১০ জানুয়ারি একসঙ্গে প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *