মাহি খুবই হেল্পফুল, তার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ: আদর আজাদ

আগামী ৭ অক্টোবর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মাহিয়া মাহি জুটির প্রথম সিনেমা ‘যাও পাখি বলো তারে’। এই জুটি নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন আদর আজাদ।

এটি আদরের প্রথম সিনেমা হলেও মুক্তির দিক থেকে দ্বিতীয়। সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমার মাধ্যেমে তার ঢালিউডে অভিষিক্ত হয়। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।

‘যাও পাখি বলো তারে’ সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে নির্মিত হয়েছে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসাবে। এটি আমার প্রথম সিনেমা ছিল। সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেইভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেপ্টেম্বর থেকে টিজার, ট্রেলার গান প্রকাশের মধ্য দিয়ে প্রচারণা শুরু করব। এর আগে ২৫ জুন সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ করা হয়। আশা করছি, সিনেমাটি সবার ভালো লাগবে।

মাহিকে নিয়ে তিনি বলেন, মাহির সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। বলা যায়, আমার অভিনয় করা ছবিগুলোর মধ্যে মাহিই প্রথম বড় তারকা যার সঙ্গে কাজ করেছি। মাহি খুবই হেল্পফুল একজন আর্টিস্ট। মাহির সঙ্গে আমার রসায়ন দর্শক বেশ ভালোভাবেই গ্রহণ করবে।

পরবর্তী সিনেমা নাকফুল নিয়ে আদর আজাদ বলেন, নাকফুল সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। ডাবিং চলছে। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। মূলত, আবহমান বাংলার প্রাচীন ঐতিহ্যের স্মারক এবং গ্রামীণ নারীর প্রধান অলংকাররূপে প্রতীয়মান নাকফুল নিয়েই সাজানো হয়েছে সিনেমাটির গল্প। এই সিনেমার গল্প এবং চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *