জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ আহমেদ এখন সিনেমায় অনিয়মিত। সর্বশেষ তিনি অভিনয় করেছেন অনন্য মামুনের পরিচালনায় ‘রেডিও’ নামের একটি ছবিতে। সিনেমাটির কাজ শেষ হয়েছে।
এদিকে সম্প্রতি প্রকাশিত হয়েছে তার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার। জানা গেছে, সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ২৩ সেপ্টেম্বর।
রিয়াজ বলেন, ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। এর প্রচারণার কাজে সম্প্রতি কক্সবাজার গিয়েছিলাম। সেখানে এর ট্রেলার উন্মোচন হলো। ঢাকার বাইরে একটি ছবির ট্রেলার উন্মোচনের বিষয়টি বেশ নতুন আমাদের দেশে। এভাবেই নানা আইডিয়ার মাধ্যমে আমাদের ছবিকে দেশের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তাহলেই তারা সিনেমা হলে এসে ছবি দেখার ব্যাপারে আগ্রহী হবেন।
‘অপারেশন সুন্দরবন’-এর টিমের পক্ষ থেকে সামনে আরও কিছু কর্মকান্ড আছে। ছবিটি মূলত র্যাবের কৌশলী এক অপারেশনকে কেন্দ্র করে। আমি একজন র্যাব অফিসারের চরিত্রে অভিনয় করেছি। সিনেমায় প্রথম এ ধরনের চরিত্রে অভিনয় করেছি। দীপংকর দীপন পরিচালিত ছবিটিতে আরও আছেন সিয়াম আহমেদ, রোশান, নুসরাত ফারিয়া, মনোজ প্রামাণিকসহ অনেক তারকাশিল্পী। ট্রেলার প্রকাশের পর সবার কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। গল্প এবং অন্যান্য কারণে সিনেমাটি দর্শকের পছন্দ হবে বলে মনে করছি।
শিল্পী সমিতি নিয়ে রিয়াজ বলেন, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সব কর্মকান্ডে সাধ্যানুযায়ী অংশ নিচ্ছি। কাজের ব্যস্ততার পাশাপাশি বাকি সময় শিল্পী সমিতির কাজেই ব্যস্ত থাকি। আমি মনে করি আগের চেয়ে শিল্পী সমিতি এখন বেশি সক্রিয়। আমরা মাঝে মধ্যেই শিল্পীদের জন্য নানা কর্মসূচি হাতে নিচ্ছি। সাধারণ শিল্পীরাও সংগঠনের এসব কর্মকান্ডে খুশি।
