সিনেমা করার আগ্রহ আমার বেড়ে গেছে: মাহি

তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি এরইমধ্যে দর্শকের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সবশেষ গেল কোরবানির ঈদে ক্যারিয়ারের সর্বাধিক ১০টি নাটকে দেখা যায় তাকে। সেগুলোর জন্যও দারুণ সাড়াও পেয়েছেন অভিনেত্রী।

ঈদের পর আবারও শুটিংয়ে ফিরেছেন সামিরা খান মাহি। গতকাল থেকে তিনি একটি খণ্ড নাটকের কাজ শুরু করেছেন। নাটকের নাম ‘মাস্তান নাম্বার ওয়ান’। এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দিয়াবাড়ির বৃন্দাবন বস্তিতে চলছে নাটকটির শুটিং। এতে গ্রামের এক তরুণীর চরিত্রে দেখা যাবে মাহিকে।

নাটকটি নিয়ে মাহি বলেন, ‘প্রায় এক মাস পর কাজ শুরু করলাম। খুব ভালো লাগছে। সত্যি বলতে আমি সব ধরনের কাজ করতে চাই না। তাই সময় নিয়ে কাজ করছি। গল্প ও চরিত্রের দিকে খেয়াল রাখছি। কারণ আমি বিশ্বাস করি একটি ভালো চরিত্রই দর্শকদের মনে একজন শিল্পীকে বাঁচিয়ে রাখতে পারে দীর্ঘদিন। আমিও সেই চেষ্টাটাই করছি।’

এবার ঈদে খুব বেশি কাজ করতে পারেননি মাহি তবে এরমধ্যে কয়েকটা নাটক নিয়ে দর্শকদের কাছ থেকে ভাল ফিডকব্যাক পেয়েছেন বলে জানান।

তিনি বলেন, এবার তো খুব বেশি কাজ করিনি, অনেক অল্প কাজ করেছি। এরমধ্যে মন বলে তুমি ফিরবেই, লগ ইন লগ আউট, শীল ইজ কিং ও চিরকুমার সংঘ নাটকগুলো থেকে অনেক ভালো সাড়া পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পজেটিভ মন্তব্য করেছেন কাজগুলো নিয়ে।

তিনি আরও বলেন, ছুটি কাটিয়ে আবার কাজ শুরু করেছি। এখন সুন্দরমত পরিকল্পনা করে ভালো ভালো কিছু করবো।

নাটকে ব্যস্ত হলেও এখন পর্যন্ত মাহিকে ওটিটিতে কাজ করতে দেখা যায়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, এখন তো সবাই ওটিটিতে কাজ করছেন। আমারও ইচ্ছে আছে। শুধু মনের মত গল্প, চরিত্রের অপেক্ষায় আছি। তবে গত ঈদে ‘হাঙর’ নাটকটি করার পর ওটিটিতে কাজ করার ইচ্ছেটা অনেক বেড়েছে। মনে হচ্ছে, এই প্লাটফর্মে কাজ করতে হবে।

ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটিয়েছেন তিনি। এরমধ্যে সিনেমাহলে গিয়ে সিনেমাও দেখেছেন। মাহি বলেন, ‘হাওয়া’ সিনেমাটি দেখার খুব ইচ্ছে ছিলো কিন্তু টিকিট পাইনি, যার কারণে দেখা হয়নি। পরে ‘পরাণ’ দেখলাম। খুবই ভালো লেগেছে। সিনেমাটি দেখার পর আমার সিনেমা করার আগ্রহ অনেক বেড়ে গিয়েছে, নিজেরই সিনেমা করতে ইচ্ছে করছে। হাওয়া কিংবা পরাণ; এরকম সিনেমার গল্প, চরিত্র পেলে আর ‘না’ করবো না। কমার্শিয়াল অনেক সিনেমার প্রস্তাবই পেয়েছি কিন্তু আমি চাই অফট্র্যাকের কিছু কাজ করতে। একদম ভিন্ন গল্প এবং চরিত্র, যেখানে অভিনয়ের অনেক সুযোগ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *