রংপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে বিয়ের দাবিতে তরুণী, অতঃপর ধর্ষণ মামলা

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: রংপুরের কাউনিয়া উপজেলায় বিয়ের দাবিতে শারাফাত হোসেন সোহাগ নামের এক ছাত্রলীগ নেতার বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।

শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে উপজেলার হারাগাছ পৌর এলাকার মিয়াপাড়ায় শারাফাতের বাসায় অবস্থান নেন ওই তরুণী। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

ওই তরুণী রংপুর সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি রংপুর আইন কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। প্রেমিক শারাফাত হোসেন সোহাগ মোশাররফ হোসেনের ছেলে এবং হারাগাছ সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র। এছাড়া তিনি ওই কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি।

বিয়ের দাবিতে অবস্থান নেওয়া তরুণী জানান, প্রায় দেড় বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক। বিভিন্ন সময় তারা শারীরিক সম্পর্কেও লিপ্ত হন। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক সোহাগ টালবাহানা করতে থাকেন। এ অবস্থায় তিনি জানতে পারেন সোহাগ অন্য জায়গায় বিয়ে করেছেন। উপায় না পেয়ে শনিবার বিকেলে সোহাগের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন তিনি।

এ সময় সোহাগের পরিবারের সদস্যরা তাকে মারধর করেন বলেও অভিযোগ করেন তরুণী। এদিকে ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন সোহাগ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে থানায় নিয়ে যায়।

হারাগাছ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, শারাফাত হোসেন সোহাগ হারাগাছ সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সভাপতি। যদি তিনি সংগঠন বিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ওই তরুণীকে নিরাপত্তার স্বার্থে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। তিনি বাদী হয়ে ধর্ষণ মামলা করেছেন। আজ তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *