এবার সাদা কালায় মজলেন অপু বিশ্বাস!

একটা সময় ছিল, গানের জনপ্রিয়তার সূত্র ধরে সিনেমাও হিট হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে এমনটা দেখা যায় না। সিনেমার গানের জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। সেই তলানি থেকে যেন এক লাফে আকাশ ছুঁয়েছে ‘হাওয়া’ সিনেমার গান ‘সাদা সাদা কালা কালা’।

দেশজুড়ে গানটি ভাইরাল। ইউটিউব, ফেসবুকে কোটি কোটি ভিউ ছাড়াও একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের মুখে মুখে ছড়িয়ে গেছে এই গান। সরল কথা-সুরে মনে দোলা দেওয়ার মতো মিউজিক। ব্যাস, এতেই মুগ্ধ সকলে।

‘সাদা সাদা কালা কালা’ গানের কিছু অংশ গেয়ে কিংবা লিখে ফেসবুকে পোস্ট দেননি, এমন মানুষ কমই আছে। বিশুদ্ধ বাতাসের মতই যেন গানটি মিশে গেছে সবার মনে। এই বাতাসের ছোঁয়া লেগেছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের গায়েও।

বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন অপু। সেখানে তাকে দেখা গেছে সাদা কালো রঙের একটি শাড়িতে। চেয়ারে বসে হাস্যোজ্বল চেহারায় নজরকাড়া রূপে পোজ দিয়েছেন ক্যামেরায়। ক্যাপশনে দিয়েছেন সাদা ও কালো রঙের হার্ট ইমোজি।

গানের নাম উল্লেখ না করলেও অনুসারীদের অনেকেই সমীকরণ মিলিয়ে নিয়েছেন। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত অপুর এই ছবিতে ৪২ হাজার রিঅ্যাকশন পড়েছে। সঙ্গে প্রায় ৩ হাজার মন্তব্য। অধিকাংশ মন্তব্যেই অনুসারীরা অপুর রূপ-সজ্জার প্রশংসা করেছেন। আবার কেউ বলেছেন, সাদা-কালো শাড়ির সঙ্গে নায়িকার সোনালি রঙের চুল মানানসই হয়নি।

অপু বিশ্বাসকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত ফেব্রুয়ারিতে। সিনেমার নাম ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত সিনেমাটিতে তার নায়ক বাপ্পী চৌধুরী। বর্তমানে অপুর হাতে একাধিক সিনেমা রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৯ জুলাই) ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুমুল আলোচিত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির গল্পে গড়ে উঠেছে মাঝ সমুদ্রে আটকে পড়া গন্তব্যহীন একটি ফিশিং ট্রলারে রহস্যময় বেদেনী তরুণীর আগমনকে ঘিরে! এতে রহস্যময়ী চরিত্রটিতে অভিনয় করেছেন নাজিফা তুষি।

আরো দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী ও শরিফুল রাজ। এছাড়া সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোসসহ বেশ কয়েকজন শিল্পীও অভিনয় করেছেন।

সিনেমাটির ‘সাদা সাদা কালা কালা’ শিরোনামের গান এখন ট্রেডিংয়ে রয়েছে। গানটির গীতিকার ও সুরকার হাশিম মাহমুদ। গেয়েছেন এরফান মৃধা শিবলু। এই গানে খমক ছাড়া কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়নি। নৌকার সব কাঠ, বাস, হাঁড়ি, পাতিল বাজিয়ে দীর্ঘদিন ধরে গানটি কম্পোজ করেছেন ইমন চৌধুরী। আর এই সব অ-যন্ত্রগুলো বাজিয়েছেন মিঠুন চাকরা।

দেশ জুড়ে আট থেকে আশি, সবাই মজে এই গানের কথা ও সুরে। গানটির কারণেই যেন দর্শকদের মধ্যে ‘হাওয়া’ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে মাল্টিপ্লেক্সগুলোতে সিনেমাটির শুক্র ও শনিবারের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে। যার মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে সুবাতাসের হাওয়া বইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *