আন্তর্জাতিক ডেস্ক- পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বড় ব্যবধানেই এগিয়ে গেছেন জো বাইডেন। সেখানে ডেমোক্র্যাটদের জয় এখন সময়ের অপেক্ষা মাত্র। আর এই একটি অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোটই বাইডেনকে প্রেসিডেন্টের চেয়ারে বসানোর জন্য যথেষ্ট।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, যুক্তরাষ্ট্রের অন্যতম জনবহুল রাজ্য ও নির্বাচনী ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে ২৭ হাজার ১৭৪ ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। তিনি পেয়েছেন ৩৩ লাখ ৩৪ হাজার ৬৩৩টি ভোট আর ট্রাম্প পেয়েছেন ৩৩ লাখ ৭ হাজার ৪৫৯টি।
এ রাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে মোট ২০টি। ফলে সেখানে জিতলে ডেমোক্র্যাটদের ঝুলিতে জমা হবে মোট ২৮৪ ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজন হয় ন্যূনতম ২৭০টি ভোট। অর্থাৎ অঙ্গরাজ্যটিতে জিতলেই প্রয়োজনের চেয়েও অনেক বেশি এগিয়ে যাচ্ছেন বাইডেন।
অবশ্য এখনও প্রায় ৫০ হাজার ভোট গণনা বাকি রয়েছে পেনসিলভানিয়ায়। ফলে ট্রাম্পের আশা একেবারে শেষ হযে গেছে তা বলা যায় না।
২০১৬ সালের নির্বাচনে এ ব্যাটলগ্রাউন্ডে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মাত্র ০.৭ শতাংশ ভোটের ব্যবধানে ১৯৯২ সালের পর প্রথমবার রাজ্যটিতে জয় পেয়েছিল রিপাবলিকানরা। তবে এবারের নির্বাচনে বিজয়ীর সেই মুকুট হারাতে চলেছে তারা।
এদিকে ভোটের ফলাফল বুঝতে পেরে ইতিমধ্যে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে জো বিডেনের। তার বাড়ির উপর দিয়ে বিমান চলাচলেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। মোতায়েন করা হয়েছে গোয়েন্দাদেরও।
