Home আন্তর্জাতিক বাইডেন প্রেসিডেন্ট হচ্ছেন, সেই খবরে বরিশালে ভূরিভোজ

বাইডেন প্রেসিডেন্ট হচ্ছেন, সেই খবরে বরিশালে ভূরিভোজ

0
76

নজর২৪ ডেস্ক- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জয়ের পথে-এমন খবরে বরিশালের গৌরনদী উপজেলায় ভূরিভোজের আয়োজন করা হয়েছে।

 

এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের হারতে বসার খবরে গতকাল বৃহস্পতিবার রাতে গৌরনদী সুপার মার্কেটের ব্যবসায়ী মো. মেরাজ হোসেন খান স্থানীয় ব্যবসায়ী, সুধীসহ প্রায় আড়াইশ জন লোকের জন্য এই আয়োজন করেন।

 

জানতে চাইলে মেরাজ হোসেন খান গণমাধ্যমকে বলেন, ‘এই যে ট্রাম্প একেবারে অশিক্ষিত একটা লোক, তারে প্রেসিডেন্ট মানায়? সে এই বিশ্বটাকে একেবারে অশান্তিতে রাখছিল চারটা বছর, যার কারণে নির্বাচনে আমরা জো বাইডেনের পক্ষ নিয়েছিলাম।’

 

তিনি আরও বলেন, ‘আমাদের এই মার্কেটে ৮০-৯০ জন দোকানদার আছে, সবাই জো বাইডেনের সমর্থক। নির্বাচনের শুরু থেকেই সবসময় আমরা খোঁজ রাখছিলাম। যখন দেখলাম বাইডেন ২৬৪ ইলেকটোরাল ভোট পাইছে। তখন আমরা ভাবলাম, সে শতভাগ জিতবে। তাই এই উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়।’

 

এই আয়োজনে ওই মার্কেটের ব্যবসায়ী, স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা পেশার মানুষ মানুষ উপস্থিত ছিলেন।

 

আয়োজনে উপস্থিত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আলমগীর উকিল গণমাধ্যমকে বলেন, ‘বাইডেন জয়ের পথে এগিয়ে থাকায় তার সমর্থক মেরাজ হোসেন খান উৎসব ও ভোজের আয়োজন করেছেন। আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছি।’

 

উল্লেখ্য, মার্কিন নির্বাচনের ফলাফল বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে হোয়াইট হাউজে পৌঁছাতে হলে জো বাইডেনকে অ্যারিজোনা, নর্থ ক্যারোলিনা, নেভাদা ও জর্জিয়ার মধ্যে অন্তত দুটিতে কিংবা পেনসিলভানিয়াতে জয়লাভ করতে হবে। অ্যারিজোনায় ইতোমধ্যে জো বাইডেনকে জয়ী ঘোষণা করেছে মার্কিন বার্তা সংস্থা এপি এবং সংবাদমাধ্যম ফক্স নিউজ। সে কারণেই বিভিন্ন সংবাদমাধ্যমে দুই প্রার্থীর ইলেক্টোরাল ভোট সংখ্যার পার্থক্য দেখা যাচ্ছে।

 

তবে অ্যারিজোনায় এখন পর্যন্ত যেমন জো বাইডেনকে জয়ী ঘোষণা করা হয়নি, তেমনি জর্জিয়াতে এগিয়ে গেলেও তার জয় নিশ্চিত নয়। রাজ্য দুটির চূড়ান্ত ফলাফলে তিনি জিতলেই পরবর্তী চার বছর হোয়াইট হাউজের দখল পাবেন।

 

জর্জিয়াতে শুক্রবার পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে বাইডেন ৪৯.৩৯ শতাংশ বা ২৪ লাখ ৪৯ হাজার ৩৭১ ভোট পেয়েছেন। অপরদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৪৯.৩৭ শতাংশ বা ২৪ লাখ ৪৮ হাজার ৪৫৪ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here