আড়ালে যাওয়ার আগে পুরোপুরি প্রস্তুতকৃত ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায় অভিনয় করেছিলেন চিত্রনায়িকা পপি। সেটি মুক্তির মিছিলে আসছে।
এটির পরিচালক সাদেক সিদ্দিকী জানিয়েছেন, আগামী নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছিলেন এই চিত্রনায়িকা। আড়ালে যাওয়ার আগে সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন পপি।
তখন তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, এটি তার অভিনয় জীবনের ভালো একটি সিনেমা। যাতে তিনি সাবলীল অভিনয় করেছেন।
আমিন খান ও ইমন- এই দুই নায়কের একমাত্র নায়িকা হিসেবে তিনি এ সিনেমায় অভিনয় করেছেন। কথা ছিল সিনেমাটি মুক্তির আগে এটির প্রচারণায় অংশ নেবেন। কিন্তু অন্তরালবাসিনী হওয়ার কারণে সিনেমাটির পরিচালকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছেন। তারপরও পরিচালক সিনেমাটির সফলতা নিয়ে আশাবাদী।
এ প্রসঙ্গে পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, পপির সঙ্গে এখন যোগাযোগ নেই আমার। তবে তা না থাকলেও এ সিনেমায় সে আন্তরিকভাবে অভিনয় করেছে; যা মুক্তি পেলেই দেখতে পাবেন দর্শক। করোনার কারণেই এটির মুক্তি দিতে দেরি করছি আমি। আশা করছি নির্ধারিত সময়েই এটি প্রেক্ষাগৃহে দেখতে পাবে সবাই।
জানা গেছে, ‘সাহসী যোদ্ধা’ নামে সিনেমাটির শুটিং শুরু হলেও পরবর্তীতে ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সমাজের চারপাশে যেসব ঘটনা আমরা দেখি, তা এই সিনেমায় তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালোর মুখোশ পড়ে থাকি, কিন্তু ভেতরের রূপটা ভিন্নরকম। এই সিনেমায় পুরো সময়ই অন্যায়ের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাটক দেখতে পাবেন দর্শকরা। এতে আমিন খান ও পপিকে একটু ভিন্নরূপে তুলে ধরার পাশাপাশি ওপেন সিক্রেট একটি গল্প বলতে চেয়েছি। আশা করছি, দর্শকদের ভালো লাগবে।’
