হৃদরোগে আক্রান্ত হয়ে ১১ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন ‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে ভক্তদের এ সুখবর দিলেন জামিল। অসুস্থতার সময় যারা তার পাশে ছিলেন, তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এই গুণী অভিনেতা।
স্ট্যাটাসে জামিল লেখেন, ডাক্তারের পরামর্শে ১১ দিন পর আজ বাসায় ফিরছি। সবার দোয়াপ্রত্যাশী। গত ২৩ তারিখে আমি যখন এনজিওগ্রাম করার জন্য ওটিতে গেলাম, তখন ওটির সিস্টররা আমাকে বললেন— আরে জামিল ভাই, আপনি? যে মানুষটার নাটক দেখে আমরা এত হাসি, ওই মানুষটার মুখ এমন দেখতে চাই না। মাস্কটা খোলেন, আপনাকে আগে ভালো করে দেখি।
এনজিওগ্রাম ও রিং পরানোর পুরো সময়টাই ডাক্তার এবং সিস্টাররা আমাকে উজ্জীবিত করেছেন দারুণভাবে। কৃতজ্ঞতা হার্ট ফাউন্ডেশনের ডাক্তার, নার্সসহ সবাইকে।
সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, গত ১৫ তারিখে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে নূর এ আলম নয়ন ভাই আমার বড়ভাইয়ের ভূমিকায় দিন-রাত যে পরিশ্রম ও মানসিক সাপোর্ট দিয়ে এসেছেন, তার অবদানের কথা বলে শেষ করতে পারব না।
কৃতজ্ঞতা আমার সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব নেতৃবৃন্দ, সহকর্মী ও বন্ধুকে, যারা সশরীরে এসে ও ফোন করে আমার খোঁজখবর নিয়েছেন এবং আমার সুস্থতার জন্য দোয়া করেছেন। ঊর্মিলা শ্রাবন্তী কর শতব্যস্ততার মধ্যেও নিয়মিত খোঁজখবর নিয়েছে। ভালোবাসা বন্ধু শামীম শিকদারকে।
গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, কৃতজ্ঞতা সাংবাদিক ভাইদের, যারা আমার অসুস্থতার সংবাদ প্রকাশের মাধ্যমে আমার ভক্ত-শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন।
নোয়াখালীর ছেলে জামিল হোসেন; তবে তার জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছরজুড়েই নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন। পাশাপাশি ‘আয়নাবাজি’, ‘ভালোবাসা আজকাল’সহ বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
