স্বামী রাকিব সরকারকে নিয়ে সিনেমা দেখতে হলে গেলেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। শনিবার (২৩ জুলাই) তারা রাজধানীর মিরপুর-১ এর সনি স্কয়ারে অবস্থিত সিনেপ্লেক্সে হাজির হন ‘পরাণ’ সিনেমা দেখতে।
বিয়ের পর এবারই তারা প্রথম সিনেমা হলে গেলেন। চলচ্চিত্রটি দেখতে আসা প্রসঙ্গে মাহি বলেন, ‘অনেক ভালো লাগছে। আমাদের একে অপরের সিনেমা দেখা উচিত। এই সিনেমা নিয়ে এত আলোচনা, না দেখতে এলে মানসম্মান থাকবে না।’
এদিকে স্ত্রীর সঙ্গে প্রথমবার হলে এসে স্বামী রাকিব বলেন, ‘এর আগে মাহির সঙ্গে সিনেমা দেখতে আসা হয়নি। এবারই প্রথম আসলাম। বেশ ভালো লাগছে। সিনেমার মানুষেরা তো আমার বউয়ের (মাহি) আরেকটি পরিবার, তাই অন্যরকম ভালো লাগা কাজ করছে।’
এ সময় মাহির সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম। ‘পরাণে’র নায়িকা তিনি। বন্ধুকে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়ে তিনি বলেন, ‘মাহি আমার কাছের বন্ধু, ফারিয়া (নুসরাত ফারিয়া) আসলে আরও ভালো লাগত। মাহি ওর স্বামীকে নিয়ে এসছে, একদম পরিপূর্ণ।’
উল্লেখ্য, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত ও আলোচিত ‘পরাণ’। প্রথমে এর হলসংখ্যা ছিল মাত্র ১১টি। তবে দর্শকপ্রিয়তার সুবাদে এই সপ্তাহে সিনেমাটি চলছে ৫৫টি প্রেক্ষাগৃহে।
ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান।
