নতুন জীবন, সবার কাছে দোয়া চাই: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি সিনেমায় কাজ করছেন। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছিলেন। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন। তবে এখন আবার তিনি রূপালি ভুবনে সরব।

জনপ্রিয় এই নায়িকা সম্প্রতি সরকারি অনুদান পেয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে তাকে ৬৫ লাখ টাকা দেওয়া হয়েছে। তবে ব্যক্তিগত কোনো প্রয়োজনে নয়, সিনেমা বানানোর জন্যই তিনি এই অনুদান পেয়েছেন।

বুধবার (২০ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। কেবল অপু নন, অনুদান পাওয়া অন্যদের হাতেও এদিন চেক তুলে দেওয়া হয়।

অপু বিশ্বাস জানালেন, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো তার। এজন্য সবার দোয়া চেয়েছেন তিনি। অপু বললেন, ‘নিউ জার্নি, নিউ লাইফ, সবার কাছে দোয়া চাই। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’

জানা গেছে, অপু বিশ্বাস প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য। যেটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। এর আগে একই পরিচালকের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ নামের ছবিতে অভিনয় করেছিলেন এই শিল্পী।

নতুন ছবিটি ‘অপু-জয় প্রডাকশন হাউজ’র ব্যানারে তৈরি হবে। তবে এখনই সিনেমার শিল্পীদের নাম প্রকাশ করতে চান না এই অভিনেত্রী।

উল্লেখ্য, গত মাসে ঘোষণা করা হয়েছিল ২০২১-২২ অর্থ বছরের অনুদানপ্রাপ্তদের নাম। সেখানে ‘লাল শাড়ি’র জন্য অপু বিশ্বাসকে ৬৫ লাখ টাকার অনুদান দেওয়া হয়।

অনুদান পান শাকিব খানও। একই পরিমাণ অর্থ ‘মায়া’ সিনেমার জন্য দেওয়া হয় তাকে। ২০২১-২২ অর্থ বছরে মোট ১৯টি সিনেমাকে অনুদান দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *