কোরবানির ঈদে মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল অভিনীত ‘দিন্য দা ডে’, জিয়াউল রোশান ও পূজা চেরি অভিনীত ‘সাইকো’ এবং বিদ্যা সিনহা মিম ও শরিফুল রাজ অভিনীত ‘পরাণ’ সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে অনন্ত জলিল তার সিনেমার বাজেট একশ কোটি টাকা দাবি করায় মুক্তির আগে থেকেই আলোচনায়।
ঈদে একসঙ্গে তিনটি সিনেমা মুক্তি পাওয়ায় স্বাভাবিকভাবেই সিনেমাগুলো নিয়ে এক প্রকার অঘোষিত প্রতিযোগিতা করছে নির্মাতারা। আর এই বিষয়টি স্পষ্ট হয় সিনেমার প্রচারণায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারকা ও পরিচালকদের বিভিন্ন বক্তব্য থেকে।
সম্প্রতি অভিনেত্রী বর্ষা তার সিনেমার প্রচারণায় গিয়ে কারো নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক বক্তব্য দেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়। সিনেমার প্রচারণায় এসে অন্য কাউকে ইঙ্গিতমূলক মন্তব্য নিয়ে সাধারণ মানুষ থেকে সিনেমা সংশ্লিষ্টদের অনেকেই নেতিবাচক হিসেবে নেয় বিষয়টি।
আবার অভিনেতা অনন্ত জলিল ও নির্মাতা অনন্য মামুনের সঙ্গেও সিনেমার বাজেট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ হয়।
এছাড়া ১৭ জুলাই ফেসবুকে অনন্ত জলিল জানান, “১৮ জুলাই, সন্ধ্যা ৭টায় যমুনা ব্লক ব্লাস্টারে ৭৪ জন শিল্পী নিয়ে ‘দিন দ্যা ডে’ মুভিটি দেখবেন”। পরবর্তীতে দেখা যায় সিনেমার প্রদর্শনীতে অনন্তের আমন্ত্রণে মাত্র কয়েকজন ছাড়া বাকিরা কেউই সাড়া দেননি। এ নিয়েও আলোচনা-সমালোচনার শেষ ছিল না।
এদিকে চলচ্চিত্রে যখন এমন পরিস্থিতি, সেই সময় কোনো ঘটনা কিংবা কারো নাম উল্লেখ না করে বিরোধ মিটিয়ে সবাইকে সবার পাশে দাঁড়ানোর অনুরোধ জানালেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা ও পরিচালক অরুনা বিশ্বাস।
বুধবার (২০ জুলাই) তিনি ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, “আমাদের চলচ্চিত্রের অনেক অতীত ঐতিহ্য আছে। ঠিক তেমনি নতুনরাও এগিয়ে আসছেন। বিরোধ মিটিয়ে চলুন সবাই সবার পাশে দাঁড়াই, অনুরোধ সবার জন্য।”
এই স্ট্যাটাসের পরপরই যোগাযোগ করা হলে অরুনা বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, “আমি কাউকে উদ্দেশ্য করে বা নেতিবাচক হিসেবে স্ট্যাটাসটি দেইনি। ইতিবাচক হিসেবেই দেয়া। সাম্প্রতিক সময়ে আমরা চলচ্চিত্রের কিছু তারকাদের মধ্যে বাকযুদ্ধ দেখছি। এসব করে লাভ কী? দিন শেষে আমরা সবাই চলচ্চিত্রের মানুষ। একজন আরেকজনকে ছোট বা অপমান করার কোনো অর্থ নেই।”
এই চিত্রনায়িকা বলেন, “চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অনেক সিনিয়র তারকা রয়েছে। আবার নতুনরাও আসছে। নতুনদের উচিত সিনিয়রদের থেকে কাজ শেখা। প্রয়োজনে সিনিয়রদের থেকে পরামর্শ নিতে পারে। আবার আমাদের সিনিয়রদেরও উচিত নতুনদের ভালো কাজের প্রশংসা করা। তাদের কোনো ভুল থাকলে তা সুন্দরভাবে বোঝানো, কীভাবে কাজটি আরও ভালো করা যায় তা দেখানো। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে পরস্পর সহযোগিতা ও শ্রদ্ধাবোধ থাকলে ইন্ডাস্ট্রিতে কাজ সুন্দর ও সহজতর হবে। একই সঙ্গে চলচ্চিত্রেরও উন্নয়ন হবে আমার বিশ্বাস।”





