ঈদুল আজহায় দেশে মুক্তি পেয়েছে অভিনেত্রী বর্ষা এবং প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল অভিনীত ‘দিন দ্যা ডে’ সিনেমা। মুক্তির আগে থেকেই সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। প্রযোজক অনন্ত বিভিন্ন সময় গণমাধ্যমে সিনেমার বাজেট একশ’ কোটি টাকা দাবি করে আসছেন। সিনেমা মুক্তির পর প্রচারণার অংশ হিসেবে হল পরিদর্শনে গিয়ে অন্য অভিনেত্রীদের নিয়ে ইঙ্গিতমূলক মন্তব্য করেন বর্ষা। যে কারণে আলোচনা-সমালোচনার কমতি নেই সিনেমাটি নিয়ে।
এদিকে আলোচিত এ ছবিটি রোববার হলে গিয়ে দেখেছেন অসংখ্য জনপ্রিয় ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল। তিনি মনে করেন, ছবির বাজেট যাই হোক মানুষ হলমুখী হচ্ছে এটাই ইন্ডাস্ট্রির জন্য স্বস্তির। ভালো মানের ছবি নির্মাণে অনন্ত জলিলের প্রচেষ্টাকে স্যালুট জানিয়েছেন ইকবাল।
এক সাক্ষাৎকারে ইকবাল বলেন, ‘দিন : দ্য ডে’ দেখলাম। ছবির ৯০ ভাগ ভালো লেগেছে। বাকি ১০ ভাগ আরও ভালো করা যেতে। যেমন বর্ষার প্রথম ফাইটের দৃশ্য আরও আকর্ষণীয় হতে পারত। ঈদুল ফিতরের চেয়ে এবারের ঈদে চার গুণ বেশি দর্শক হলে আসছেন। এটা আমার একার কথা না। আমি মনে করি, ভালো গল্পের ছবি পেলে দর্শক হল ভেঙে ফেলবে।
‘দিন : দ্য ডে’ ছবির বাজেট নিয়ে তিনি বলেন, এই ছবির বাজেট কত, কিভাবে নির্মাণ করা হয়েছে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কোনো ছবির বাজেট একশ বা দুইশ কোটি বিষয় না। মানুষ হলে ফিরেছে এটাই আমাদের জন্য আনন্দের। আমার পাসওয়ার্ড ছবির বাজেট ছিল এক কোটি ৭০ লাখ। এই ছবির গানের শুটিং করেছিলাম তুরস্কে। পাসওয়ার্ডের অ্যাকশন, মেকিং দেখলে অনেককিছু বুঝতে পারবেন। আমি কোনো সিনেমা নিয়ে নেতিবাচক কথা বলতে চাই না। আমি চাই, মানুষ হলে আসুক।
ইকবাল আরও বলেন, অনন্ত জলিল ও বর্ষা আছেন বলেই মানুষ ‘দিন : দ্য ডে’ দেখতে হলে আসছেন। তবে দর্শক কোন সেন্সে আসছেন আমি ঠিক জানি না। আমি চাই এই জুটি আরও ভালো ভালো ছবি উপহার দিক। তারা চেষ্টা করছেন। তাদের এই প্রচেষ্টাকে স্যালুট জানাই।
উল্লেখ্য, ঈদুল আজহায় সারাদেশে দেড়শটির মতো প্রেক্ষাগৃহ খোলা রয়েছে। এর মধ্যে ১৩৪টি হলে চলছে নতুন সিনেমা। ১০৬টি হলে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার নির্মিত অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন : দ্য ডে’। অনন্য মামুন পরিচালিত পূজা চেরি ও রোশানে ‘সাইকো’ পেয়েছে ১৭ এবং রায়হান রাফী পরিচালিত শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহানে ‘পরাণ’ পেয়েছে ১১টি প্রেক্ষাগৃহে।
