রহমতের বৃষ্টি চেয়ে খোলা মাঠে নামাজ পড়লেন গ্রামবাসী

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৃষ্টি চেয়ে ‘এস্তেস্কার’ নামাজ আদায় করা হয়েছে। তপ্ত রোদের মধ্যে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিরা আহাজারি করেছেন। সবার কণ্ঠে ভেসে আসে রহমতের বৃষ্টি জন্য আবেদন।

সোমবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের যাদুরাণী বড়পুকুর পাড় ঈদগাহ মাঠে বৃষ্টির জন্য বিশেষ এই নামাজ ও মোনাজাতের আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন শায়েখ এজাবুদ্দিন৷

যাদুরাণী গ্রামের কৃষক আব্দুল লতিফ বলেন, ‘আমার জীবনে এত রোদের তাপ দেখিনি। ঘরের ভেতরে বা বাইরে কোথাও থাকা যাচ্ছে না। ঘরের ভেতরে ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। আমি একজন কৃষক। কৃষির ওপর আমাদের এলাকার সবাই নির্ভর করে। এখন বৃষ্টি না হওয়ার কারণে আমন লাগানো যাচ্ছে না। তবুও যারা সেচ দিয়ে আমন রোপণ করেছেন তাদের মাটি ফেটে গেছে। আমন ধান নষ্ট হয়ে যাচ্ছে। একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা। আল্লাহ যাতে করে আমাদের বৃষ্টি দিয়ে উপকার করেন তার আশায় এসেছি।’

বৃষ্টির জন্য নামাজে আসা রায়হান বিন ইসা বলেন, এমন রোদে রুমের বাইরে বের হওয়া যায় না। আর রুমের ভেতরে থাকাও কঠিন। আমরা কৃষি কাজ করে সংসার চালাই। বৃষ্টি না হওয়ায় আমরা আমন রোপণ করতে পারছি না। আর এই গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছে। আজকে বৃষ্টির জন্য আমরা নামাজ আদায় করলাম।

শায়েখ এজাবুদ্দিন বলেন, আমাদের জেলার অধিকাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। বৃষ্টি না হওয়ায় আজকে আমরা দুই রাকাত নামাজ আদায় করেছি ও মোনাজাত করেছি। তীব্র গরমে প্রতিটি পরিবারে অসুস্থতা দেখা যাচ্ছে। আমরা বৃষ্টির অভাবে আমন রোপন করতে পারছি না। বৃষ্টির জন্য নামাজ আদায় ও মোনাজাত করেছি। আজকে বৃষ্টি না হলে আমরা আগামীকাল ও পরশু আবারও নামাজ আদায় করব ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *