মানুষ ঘর বাঁধে সুখের আশায়। কেউ সুখী হয়, কেউ হয় না। সুখের আসলে সংজ্ঞা কি সেটা স্পষ্ট করে বলা মুশকিল। তবে সুখ যে রহস্যময় আর জটিল এক অনভূতি সেটা স্পষ্ট। সেইসঙ্গে সুখ যেন মরীচিকাও। নইলে যে মানুষের সঙ্গে সুখের আশায় ঘর বাঁধা তার সঙ্গে ২৩ বছর কাটিয়েও কেন আলাদা হতে হয়?
কি করে আলাদা হয়ে যায় দুটি মন? কোথাও কি দ্বিধার তৈরি হয় না? কোথাও কি টান পড়ে না একসঙ্গে থেকে যাওয়ার? এ জীবন তো অনন্তকালের নয়। তবু কেন দুইদিকে বসবাসের জন্য পথ ধরা? উত্তর জানা নেই। নর নারীর মনের অদ্ভূত খেয়ালের সব উত্তর মেলে না।
মিলছে না অভিনেত্রী তানিয়া আহমেদ ও এস আই টুটুলের ২৩ বছরের সংসার ভাঙার কারণও। ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে হয় টুটুল-তানিয়ার। তাদের আছে তিন সন্তান। কেন ভেঙে গেল প্রেম করে পাতা দীর্ঘদিনের সংসার?
এস আই টুটুল জানিয়েছেন, গত বছরই আনুষ্ঠানিকভাবে তাদের ডিভোর্স হয়ে গেছে। এর আগে প্রায় ৫ বছর তারা আলাদা ছিলেন। বনিবনা না হওয়ায় দু’জনের সম্মিলিত সিদ্ধান্তেই বিচ্ছেদ করেছেন দম্পতি।
বিবাহবিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছেন তানিয়া আহমেদও। তিনি জানান, তাদের বিচ্ছেদ হয়েছে, এটা সত্য। নিয়মের বাইরে গিয়ে টুটুল কিছু করেননি। তবে ডিভোর্সের নির্দিষ্ট সময় উল্লেখ করেননি অভিনেত্রী-নির্মাতা।
টুটুল ও তানিয়া বিয়ে করেছিলেন ১৯৯৯ সালে। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। তাদের ঘর আলো করে পৃথিবীতে আসে দুই ছেলে ও এক মেয়ে। তিন সন্তানকে নিয়ে তানিয়া-টুটুলের সুখের অন্ত ছিল না।
কিন্তু সম্পর্কের মসৃণ পথেও বিষাদের কাঁটা গজায়। সেই কাঁটায় ক্ষত-বিক্ষত হয় ভালোবাসা। ঘনিয়ে আসে বিরহ-বিচ্ছেদের সুর। টুটুল ও তানিয়ার ক্ষেত্রেও ব্যাপারটা একই। একসঙ্গে দীর্ঘদিন সংসার করার পর তাদের মনে হয়েছে, সম্পর্কটা ঠিক আগের মতো নেই। এটাকে টেনে নেওয়াও দু’জনের পক্ষে সম্ভব নয়। তাই বিচ্ছেদের স্টেশনে নেমে দু’জন দুদিকে এগোলেন।
টুটুল ইতোমধ্যে নতুন সংসার পেতেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন তিনি। গত ৪ জুলাই তাদের বিয়ে হয়। টুটুলের মতো সোনিয়ারও দ্বিতীয় বিয়ে এটি।
জানা গেছে, শারমিনা সিরাজ সোনিয়াও মিডিয়ায় কাজ করা ব্যক্তিত্ব। বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন তিনি। বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে একটি কাজ করতে গিয়ে টুটুলের সঙ্গে পরিচয় হয় সোনিয়ার। সেই পরিচয় থেকে প্রেমে জড়িয়ে পড়েন দুজনে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। তবে উপস্থাপনা বাদ দেননি।
