Home আলোচিত শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ: টনি ডায়েস

শাকিব খানের অভিনয় দেখে আমি মুগ্ধ: টনি ডায়েস

0
107

গেল রোজার ঈদে দর্শকদের সিনেমা হলমুখী করার ক্ষেত্রে প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাকিব খান। সেবার ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা দুটি নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এক ঈদে ভাইজানের দুই সিনেমা পাওয়ায় উল্লাসিত ছিলেন অনুরাগীরা। হলবিমুখতার দীর্ঘদিনের বদঅভ্যাস শিকেয় তুলে সিনেমা হলে গিয়েছিলেন তারা। এই ঈদেও প্রেক্ষাগৃহে চলছে ‘গলুই’।

শুক্রবার (১৫ জুলাই) দেশের গণ্ডি ছাড়িয়ে সুদূর মার্কিন মুলুকের নিউইয়র্ক শহরের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘গলুই’ মুক্তি পেয়েছে। বিদেশের মাটিতে দেশের সিনেমা দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রবাসী বাঙালিরা। তারা মুগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টারের অভিনয়ে। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিনয়শিল্পী টনি ডায়েস।

টনি ডায়েস বলেছেন, “বিদেশে কোনো মুভি থিয়েটারে বসে বাংলাদেশের সিনেমা দেখার অন্যরকম ভালোলাগার অনুভূতি থাকে। সিনেমা আমার কাছে অন্ধকার একটি ঘরে স্বপ্ন দেখার মতো মনে হয়। কখনও সেটায় বাস্তবতার ছোঁয়া থাকে, কখনও অবাস্তবও হতে পারে। কাল দেখলাম বাংলাদেশের সিনেমা শাকিব খান অভিনীত ‘গলুই’। পরিচালনায় এস এ হক অলিক। স্বপ্নটা ভালো দেখিয়েছেন পরিচালক।”

সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রশংসা করে টনি ডায়েস বললেন, ‘সিনেমা তো আসলে টিম ওয়ার্ক। সবাই ভালো করলেই ভালো সিনেমার সৃষ্টি হয়। সেক্ষেত্রে প্রত্যেকেই যে যার স্থান থেকে ভালো কাজ করেছেন। পরিচালককে সাধুবাদ দিতে হয়, অনেক ভালো শিল্পীর সমাবেশ এই সিনেমাতে করেছেন। শাকিবের অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। নিজেকে ভাঙার চেষ্টা করেছেন। এ ভাঙাটা যদি আরও বেশি করে চালিয়ে যান, তাহলে আমার বিশ্বাস শাকিবের ক্যারিয়ারে আরও চ্যালেঞ্জিং চরিত্র যোগ হবে। যা দেখার জন্য সব শ্রেণির দর্শক অপেক্ষায় আছেন। পূজার অভিনয় বেশ ভালো লেগেছে। অনেকদিন পর সুচরিতাকে পর্দায় দেখলাম। মন জুড়িয়ে দিয়েছেন অভিনয় দিয়ে।’

‘গলুই’ সিনেমার চিত্রায়ন ও সাউন্ড নিয়েও প্রশংসা করেছেন টনি ডায়েস। তার ভাষ্য, ‘আমি সাউন্ড আর সিনেমাটোগ্রাফির কোয়ালিটিতে কখনই কম্প্রোমাইজ করতে পছন্দ করি না। সিনেমার পর্দাটা কিন্তু শুধু অভিনয় নয়, চোখে দেখা আর কানে শোনার ব্যাপারটাও জড়িত। আমার মন কেড়ে নিয়েছে সিনেমাটির আবহ সংগীত, গানগুলো, আর তার সাউন্ড কোয়ালিটি। সিনেমাটোগ্রাফিও চমৎকার ছিল।’

যুক্তরাষ্ট্র প্রবাসীদের কাছে টনি ডায়েস অনুরোধ করেছেন, যেন পাশের সিনেমা হলে গিয়ে দেশের ‘গলুই’ দেখেন।

উল্লেখ্য, সরকারি অনুদান প্রাপ্ত ‘গলুই’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here