দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আযহা। আর বাকি মাত্র দুদিন। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই খুশি আর আনন্দ ছুঁয়ে যায় তারকাদেরও। তাদেরও থাকে নানা পরিকল্পনা। কোথায় ঈদ করবেন, কোথায় যাবেন, কী পরবেন ইত্যাদি। এসবের মাঝে আবার থাকে পেশাগত কাজের ব্যস্ততাও।
এদিকে ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক শাকিব খান গত আট মাস ধরে রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ঈদুল ফিতর সেখানেই কাটিয়েছেন। তবে কথা ছিল ঈদের আগেই দেশে আসছেন তিনি।
শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ৬ জুলাই বাংলাদেশে আসবেন শাকিব। ঢাকায় পৌঁছাবেন ৮ জুন। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে খুব বেশিদিন অবশ্য থাকবেন না। জুলাই মাসের শেষে ফের যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন ঢালিউড কিং।
তবে ঈদের দুই দিন আগে শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আবারও সিদ্ধান্ত পাল্টিয়েছেন শাকিব খান। ঈদুল আযহাও মার্কিন মুলুকেই কাটাবেন।
সংবাদমাধ্যমকে নায়কের ঘনিষ্ঠজন জানায়, ঈদের আগে দেশে আসতে চেয়েছিলেন, কিন্তু শেষপর্যন্ত সেই সিদ্ধান্ত বাতিল করেছেন শাকিব খান। ঈদের পরই আমেরিকায় শুরু হবে এই নায়কের নতুন ছবি ‘রাজকুমার’-এর শুটিং। সেই ব্যস্ততায় এবারের ঈদও জো বাইডেনদের দেশে কাটাবেন কিং খান।
জানা গেছে, শাকিব খানের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। সম্প্রতি তিনি হাতে পেয়েছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি।
সূত্র জানায়, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিনকার্ড আগেই পেয়েছেন। আমেরিকায় টানা তার ছয় মাস থাকার বিষয়টিও পূরণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।
গত বছরের নভেম্বরে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছিলেন শাকিব। গিয়েই গ্রিন কার্ডের জন্য আবেদন করেন। সেটার শর্তস্বরূপ টানা সাত মাস নিউইয়র্কে বসবাস করেছেন।
