নজর২৪ ডেস্ক- টঙ্গীতে বাসহেলপারের অণ্ডকোষ ফাটিয়ে দিয়েছেন এক ট্রাফিক সার্জেন্ট। গতকাল মঙ্গলবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী গাজীপুরা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
আহত হেলপারকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তবে অসাবধানতাবশত এ ঘটনা ঘটেছে বলে দাবি করছেন পুলিশ কর্মকর্তারা।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-জামালপুর রুটের রাজিব পরিবহনের একটি বাস গতকাল সকাল ৯টায় যাত্রী উঠানোর জন্য গাজীপুরা বাসস্ট্যান্ডের অনির্ধারিত ও ব্যস্ততম স্থানে থামে এবং হেলপার যাত্রী উঠতে থাকে। এ সময় সেখানে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আনোয়ার জাহিদ মিলন বাসের দরজায় দাঁড়িয়ে থাকা হেলপারকে তার হাতে থাকা লাঠি দিয়ে আ’ঘাত করেন।
লাঠি লক্ষ্যভ্রষ্ট হয়ে হেলপারের অণ্ডকোষে লাগে। এতে সে প্রচণ্ড ব্যথায় চিৎকার শুরু করে। এ দৃশ্য দেখে স্থানীয় জনতা ক্ষু’ব্ধ হয়ে ওঠেন এবং যান চলাচল বন্ধ করে প্রতিবাদ জানান। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আহত বাস হেলপার রুবায়েত হোসেনকে (৪৫) স্থানীয় ইম্পেরিয়াল জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে জিএমপি দক্ষিণ ট্রাফিক বিভাগের পরিদর্শক (টিআই) তরিকুল ইসলাম জানান, লাঠি দিয়ে বাসটিকে সরাতে গিয়ে অসাবধানতাবশত হেলপারের অণ্ডকোষে সামান্য আ’ঘাত লাগে। তবে যা ঘটনা তার চেয়ে বহু গুণ বড় করে প্রচার করা হচ্ছে। হেলপার সামান্য আ’ঘাত পেয়েছে এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে সে চলে গেছে। সে যে পরিমাণ আ’ঘাত পেয়েছিল তার চেয়ে বেশি অভিনয় করেছে। বিষয়টা মীমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাকির হাসান জানান, ‘বাসের হেলপারের সঙ্গে একজন ট্রাফিক সার্জেন্টের একটি অপ্রীতিকর ঘটনার অভি’যোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যব’স্থা নেওয়া হবে।’
