ধর্ম অবমাননার অভিযোগে সম্প্রতি নড়াইলের একটি কলেজে স্বপন কুমার বিশ্বাস নামে এক শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনা ঘটে। সেই দৃশ্য দেখে সারাদেশে ছি ছি। প্রকাশ্যে একজন শিক্ষকের অপমান সমর্থন করছেন না কেউই। আমজনতার মতো ওই ঘটনায় ব্যথিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীও।
এই নির্মাতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে ঘটনাটিকে লজ্জার এবং অপমানের বলে উল্লেখ করেছেন। প্রকাশ করেছেন ঘৃণা। পাশাপাশি শিক্ষক স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে অসম্মান করার ঘটনায় যারা জড়িত, তাদের বিচারও দাবি করেছেন।
ফারুকী লিখেছেন, ‘শিক্ষককে বের করে নিয়ে আসা হচ্ছে। ভীড়ের ভেতরে তার মুখটা ঠিকমতো দেখা যাচ্ছিল না। একটু পর দেখা গেল তাকে। তার গলায় জুতার মালা। তার মুখটা ঠিকঠাক দেখা গেলেও আমার, আমাদের মুখটাই আর দেখতে পাচ্ছিলাম না। এই দৃশ্য লজ্জার, অপমানের। যে বা যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’





