চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র সভাপতি হিসেবে দুইবার দায়িত্ব পালন করার পরেও সংগঠনটিকে ‘ভুয়া’ বলেছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। সংবামাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারে যত ধরনের সমিতি আছে, সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে বলেও মন্তব্য করেছেন এই নায়ক। এমন মন্তব্য করে ‘কাঠগড়ায়’ শাকিব খান!
শাকিবের এমন কথা শুনে চটেছেন বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। তার কথার তীব্র সমালোচনাও করেছেন তিনি। গুণী এই নির্মাতার ভাষ্য, ‘ওর (শাকিব খান) সমস্যাটা কী? ওর কী হাত-পা গজায় গেছে, শিল্পী সমিতি ভুয়া সংগঠন! অল্প বিদ্যা ভয়ংকরী- একটা কথা আছে না…!
অভিনয় জগতটাও শাকিব ভালো করে রপ্ত করে নাই। আর এ জন্যই এ সমস্ত সংগঠনগুলো নিয়ে সে কথা বলছে। এত বড় শিল্পী আলমগীর সাহেব, ৯ বার জাতীয় পুরস্কার পেয়েছেন। তিনি তো কোনওদিন এসব কথা বলে নাই। রাজ্জাক সাহেব, শাবানা, ববিতা, জসিম, ফারুক মান্নার এত সিনেমা জনপ্রিয়তা পাওয়ার পরও তারা তো কখনো এসব কথা বলে নাই।
ক্ষোভ নিয়ে দেলোয়ার জাহান ঝন্টু আরও বলেন, এ জন্যই বলেছি, অল্প বিদ্যা ভয়ংকরী—অভিনয়ে অল্প বিদ্যা গ্রহণ করার পর এটাকে বিরাট মনে করে। যে সমিতিতে রাজ্জাক, খলিল (খলিল উল্যাহ খান), আহমেদ শরীফ ছিলেন, তারা সবাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পী। আর শিল্পী সমিতির বড় বড় পোস্টে ছিল। তাহলে তারা কী সবাই ভুয়া সমিতির সভাপতি ছিল।
যোগ করে তিনি আরও বলেন, অনেক বড় বড় শিল্পীরা এই সমিতিতে ছিল। তাহলে ওর (শাকিব খান) সমস্যাটা কী? এটা বলুক না! শাকিব কী চলচ্চিত্রকে বেশি বুঝে গেছে? ওর মতো অভিনেতা তো বহু আসছে। এখনো তো ও মান্না হতে পারে নাই। ইন্ডাস্ট্রিতে তো বড় বড় শিল্পীরাও এসব কথা বলে না। ও তো আজ আছে, কাল নেই। এখন ওর কাছে ইন্ডাস্ট্রি ভুয়া হয়ে গেছে, এগুলো ঠিক না।
সবশেষে গুণী এই নির্মাতা বলেন, শিল্পীদের অনেক সম্মান। আর এই শিল্পীদের সমিতিকে ভুয়া বলার কারণে সকল শিল্পীদের কাছে ওর (শাকিব খান) ক্ষমা চাওয়া উচিত।
উল্লেখ্য, স্বপ্নের গ্রিন কার্ডের আশায় গত বছর নভেম্বরে দেশত্যাগ করে আমেরিকায় আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। অবশেষে কাঙ্ক্ষিত সেই কার্ডটি তিনি পেয়েছেন, যা খবরের শিরোনামে আসে গতকাল মঙ্গলবার। সংবাদটি প্রকাশ্যে আসার পর অনেক গণমাধ্যমকর্মী শাকিব খানের সঙ্গে যোগাযোগ করেন।
বুধবার এক সাক্ষাৎকারে গ্রিন কার্ড পাওয়ার পাশাপাশি শাকিব খান কথা বলেছেন দেশের সিনেমা ইন্ডাস্ট্রির নানা বিষয় নিয়ে। কথার একপর্যায়ে এই অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিটাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, সরকারকে শক্ত ভূমিকা নিতে হবে। যত ধরনের সমিতি আছে সব এফডিসির বাইরে নিয়ে যেতে হবে। এটা কাজের জায়গা, এখানে কোনো সমিতি, পলিটিকস বা নির্বাচন থাকতে পারবে না। যারা এসব করতে চায় তারা এফডিসির বাইরে গিয়ে করবে।’
শিল্পীর সমিতির প্রসঙ্গ টেনে শাকিব বলেন, ‘‘আমি সবসময় নিজের জায়গা থেকে চেষ্টা করি কত বড় জায়গায় পৌঁছানো যায়। ওই ‘ভুয়া সংগঠনের’ (শিল্পী সমিতি) দুবারের সভাপতি তো আমিও ছিলাম। এখন আমার উপলব্ধি হয়েছে এসব করে আসলে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাদের কাজ করতে দিতে হবে, ব্যস।’’
