নিজ খরচে এসেছি, বরাদ্দ থেকে এক পয়সাও খরচ করিনি: ইলিয়াস কাঞ্চন

নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ শিল্পী সমিতির সভাপতি অভিনেতা ইলিয়াস কাঞ্চন সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন।

রোববার সেখানে পৌঁছেই তিনি ত্রাণ বিতরণের শৃংখলা ও কোন কোন এলাকায় ত্রাণ দেওয়া যায় তা নিয়ে স্থানীয় নিসচা ইউনিটের সঙ্গে আলোচনা করেন। সোমবার সকাল থেকেই নিসচার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তারা ত্রাণ বিতরণের কার্যক্রম শুরু করেন সিলেটের ওসমানিনগর অবস্থান করে।

সিলেট পৌঁছেই এক ভিডিও বার্তায় ত্রাণ কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমার যারা সফর সঙ্গী হয়েছেন তারা সকলেই নিজ নিজ খরচেই এসেছেন। ত্রাণের জন্য বরাদ্দ থেকে কেউ এক পয়সাও খরচ করেননি।

আমি সকলকে কথা দিয়েছিলাম ২৬ তারিখ সিলেট পৌঁছাব এবং ২৭ তারিখ ত্রাণ বিতরণ করব। আমি কথা রেখেছি। আমি প্রথমেই শ্রীমঙ্গল পৌঁছাই। সেখানকার নিসচা ইউনিট ত্রাণের জন্য অর্থ ও পণ্য সামগ্রী সংগ্রহ করেছে। তাদের কাছ থেকে সেগুলো সংগ্রহ করা হয়েছে।

এখানকার আমাদের এক কর্মী আমাদেরকে একটি স্পিডবোট, একটি নৌকা, একটি ট্রাক দিচ্ছে, যাতে আমরা ত্রাণ বিতরণে কোনো সমস্যায় না পড়ি। কোলাউড়াসহ সিলেটে কিছু কিছু এলাকায় রেললাইন এখনো পানির নিচে তলিয়ে আছে। পানি খুব দুর্গন্ধ। আমি ভয়ে আছি পানি যত কমতে থাকবে অসুখ-বিসুখ ততই বাড়তে থাকবে। সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যাতে আমরা এই দুর্গত মানুষগুলোর পাশে থাকতে পারি।

ব্যক্তিগতভাবে আমি অসুস্থ। কিন্তু আমি আপনাদের কথা দিয়েছিলাম আমি সিলেট আসব, সেজন্য কথা রক্ষা করতে আমি এখানে এসেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *