পুত্রের সঙ্গে লাইভে এসে যা বললেন অপূর্ব

বাংলাদেশের শোবিজ অঙ্গনে নন্দিত অভিনেতা জিয়াউল ফারুখ অপূর্ব। অভিনয় গুণে এদেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় তিনি। তার ছেলে আয়াশ।

সোমবার (২৭ জুন) অপূর্ব ও আয়াশের জন্মদিন।

২০১৪ সালের অপূর্বের জন্মদিনে তার প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতির কোলজুড়ে এই দিনে আসে আয়াশ। জন্মদিনের বাবা-ছেলে দুজনেই সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন। পিতা-পুত্রের এই বিশেষ দিনে অনেকেই তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন।

অপূর্ব জানান, তার সহকর্মী থেকে শুরু করে ভক্তরা প্রতিবারই জন্মদিনে তাকে নানা চমক দেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি। অভিনেতা নিজের পক্ষ থেকে সবার প্রতি অনেক অনেক ভালোবাসা প্রকাশ করেছেন। আলাদা থাকলেও অপূর্ব তার সন্তানের সঙ্গে দেখা করেন। দুজন মিলেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসেন। এসে সবার কাছে দোয়া চান অপূর্ব।

১৯৮৫ সালের ২৭ জুন ঢাকায় জিয়াউল ফারুক অপূর্বের জন্ম। তার মা ফিরোজা আহমেদ রাজশাহী বেতারের শিল্পী ছিলেন এবং নানা ছিলেন রাজশাহী বেতারের একজন সুপরিচিত উপস্থাপক। সেই সুবাদে ছোটবেলা থেকেই শোবিজের সঙ্গে সখ্যতা ছিল অপূর্বের।

২০০২ সালে এই অভিনেতা ‘ইউ গট দ্য লুকস’ অনুষ্ঠানে ‘মিস্টার বাংলাদেশ’খ্যাতি অর্জন করেন। সেই থেকেই শোবিজে পথচলা অপূর্বের। ছোট পর্দায় অপূর্বের কাজ শুরু হয় গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে। তবে নাটকে অপূর্বের যাত্রা শুরু হয় ২০০৬ সালে গাজী রাকায়েতের নির্দেশনায়। সেই নাটকের নাম ছিল ‘বৈবাহিক’। এরপর থেকে দাপিয়ে কাজ করে চলেছেন তিনি।

চলচ্চিত্রেও অভিনয় করেছেন অপূর্ব। ২০১৫ সালে আশিকুর রহমান পরিচালিত ‘গ্যাংস্টার রিটার্নস’ সিনেমা দিয়ে রূপালি ভুবনে পা রাখেন তিনি। তবে বড় পর্দায় তিনি আর কাজ করেননি। ছোট পর্দাতেই নিজেকে ব্যস্ত রেখেছেন। অভিনয়ের পাশাপাশি অপূর্ব গান গাইতে পারেন। তার কণ্ঠে ‘তুমি আকাশ হয়ে যাও’ গানটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বর্তমান সময়ে ছোটপর্দার শীর্ষ অভিনেতাদের একজন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *