পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞার প্রতিবাদে জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বাইক আরোহীরা। এতে প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আজ সোমবার (২৭ জুন) দুপুরে মোটরসাইকেলবাহী পিকআপ টোলপ্লাজা থেকে ফিরিয়ে দেয়ার পর থেকে সড়ক অবরোধ করে বাইক আরোহীরা। এসময় তারা বিক্ষোভ করে নানা স্লোগান দেয়।
জাজিরা প্রান্তে বাইকাররা জানান, তাদের বেশিরভাগই ঢাকা থেকে আসা। সেতু পার হতে না পারায় তারা ঘাটে যান, কিন্তু সেখানে গিয়েও ফেরি না থাকায় পড়েন বিপাকে।
জাজিরা প্রান্তের টোল প্লাজায় দায়িত্বে থাকা সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হোসেন মুঠোফোনে বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। তারপরও অনেকে মোটরসাইকেল নিয়ে টোল প্লাজায় ভিড় জমাচ্ছেন।
‘তাদের সবাইকে বিকল্প পথে মাঝিরঘাট-শিমুলিয়া অথবা দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ ব্যবহার করে পদ্মা নদী পারাপারের অনুরোধসহ নির্দেশনা দেয়া হয়েছে।’
