স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ঘোষণা করে নিজ হাতে টোল দিয়ে সেতু পাড় হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে আয়ের খাতা খুলেছে পদ্মা সেতু।
সেতু কর্তৃপক্ষের বরাতে জানা যায়, সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় টোল পরিশোধ করেন তিনি। প্রথমবারের মতো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে টোল গুণতে হয়েছে ৭৫০ টাকা।
অবশ্য নিজের গাড়ি বহরের সবকটির টোলও তিনি দিয়েছেন। সেজন্য আরও দিতে হয়েছে ১৬ হাজার ৪০০ টাকা।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন পদ্মা সেতুর টোল আদায়কারী কর্মকর্তা তানিয়া আফরিন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে নিজের গাড়ির টোল দিয়েছেন। বাকি বহরের টাকাও তিনি পরিশোধ করেছেন।’
এদিন দুপুর ১২টা ০৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওয়ানা হয়। এর আগে বেলা ১১টা ৪৮ মিনিটে নিজহাতে নির্ধারিত টোল দেন প্রধানমন্ত্রী।





