বরগুনার ছেলে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরকে এক সময় গ্রামের বাড়ি যেতে পাড়ি দেয়া লাগতো পদ্মা। অনেকসময় ফেরির অপেক্ষায় রাত পার হয়ে ভোর হয়েছে।
তবে এখন আর দুর্ভোগ পোহাতে হবে না। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে অল্প সময়েই পার হওয়া যাবে পদ্মা।
এ নিয়ে ব্যাপক উচ্ছ্বসিত মীর সাব্বির। তিনি গণমাধ্যমকে জানান, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমরা দেশের সর্বশেষ জেলা বরগুনার মানুষ। আমাদের জন্য ঢাকা আসা-যাওয়া অনেক সময়ের ব্যপার। মাওয়ায় অনেক সময় ফেরির অপেক্ষায় সারারাত জ্যামে কেটেছে। এখন আর এই দুর্ভোগ পোহাতে হবে না।’
একটি প্রচলিত বাক্যের উদাহরণ টেনে এ অভিনেতা বলেন, ‘লোকে বলে না- আইতে সাল যাইতে সাল, তার নাম বরিশাল। মূলত এই সাল বলতে বছরের কথা বলা হয়েছে, বরিশালের শাল নয়। তবে পদ্মা সেতুর কারণে এখন আর আইতে সাল যাইতে সাল বলার সুযোগ নেই। কারণ বরগুনা যেতে এখন সময় লাগবে ৫-৬ ঘণ্টা।
পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান মীর সাব্বির। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তার জন্যই এটা (পদ্মা সেতু) সম্ভব হয়েছে। আমি মনে করি, দক্ষিণাঞ্চলের মানুষ সারা জীবন এই সুবিধা ভোগ করবেন এবং প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।’
