রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি বালু ভর্তি ড্রাম ট্রাক দুমড়ে মুচড়ে যায়। এসময় আরো একটি মিনি পিক-আপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দূর্ঘটনায় ড্রাম ট্রাকের চালকের সহকারী (হেলপার) নিহত হয়েছে। আহত গুরুতর আহতচালক।
বুধবার (২২ জুন) রাত ১ টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা বারইয়ারহাট রেলক্রসিংয় একটি বালুভর্তি ড্রাম ট্রাক বুকে গেলে সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় গেটম্যানের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন ঘুমাচ্ছেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।
দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া তিনটার দিকে ড্রাম ট্রাকের হেলপার মুরসালিন (২০) মারা যায়। নিহত মুরসালিন লক্ষ্মীপুর থানার আন্ধারমানিক গ্রামের শামসুল আলমের পুত্র। এতে ট্রাক চালক মোঃ শাহ আলম (৫৫) গুরুতর আহত হয়। আহত শাহ আলম লক্ষ্মীপুর থানার রাজনগর গ্রামের সুজা মিয়ার পুত্র। তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা.মাহমুদুল হাসান জানান, বুধবার আনুমানিক রাত ২ টায় দুজন এক্সিডেন্ট রোগী আসে এতে মুরসালিন নামে এক ব্যক্তি অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জিআরপি পুলিশের এসআই খোরশেদ আলম জানান, বুধবার রাত ১ টা ১০ মিনিটে ঢাকাগামী মহানগর তূর্ণা নিশিতা বারইয়ারহাট অতিক্রম করার একই সময় একটি ড্রাম ট্রাক রেললাইনে উঠে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় গেটম্যানের কোনো গাফিলতি থাকলে আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিবো। নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
