জনপ্রিয় তারকাজুটি চিত্রনায়ক ওমর সানী ও নায়িকা মৌসুমী। তারা দু’জনই ইন্ডাস্ট্রিতে সফল। পর্দার বাইরে বেশ ভালোই চলছে তাদের সংসার। শোবিজে সংসার ভাঙার হিড়িকের মধ্যে আইকন হিসেবেও পরিচিত সানী-মৌসুমী।
এদিকে সপ্তাহ খানেক আগেই চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে ওমর সানীর এক মন্তব্য আলোচনায় উঠে আসতেই চিত্রনায়িকা মৌসুমীর সংসার ভাঙার একটি গুঞ্জন শুরু হয়। বিষয়টি নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। এমনকি সংসার ভাঙার গুঞ্জনে অনেক জ্যেষ্ঠ তারকারাও হতবাক হন।
গুঞ্জনের মধ্যেই স্বামী ওমর সানী ও অভিনেত্রী মৌসুমীর মধ্যকার অভিমানের পাহাড় গলে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর মধ্যে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যম-কর্মীদের সঙ্গে কথা বলেন সানী-মৌসুমী। যা স্বাভাবিক বিষয় হলেও কথিত কিছু ইউটিউবার গণমাধ্যম-কর্মীদের সঙ্গে তাদের কথা বলার অডিও-ভিডিও ইডিটের মাধ্যমে কুরুচিপূর্ণ করে তা ছড়িয়ে দেয় সোশ্যাল মিডিয়া।
কুরুচিকর অডিও-ভিডিওগুলো ছড়িয়ে পড়ায় মূল ঘটনা থেকে সরে গিয়ে সানী-মৌসুমীকে নেতিবাচকভাবে উপস্থাপন করতে থাকে। আর এবার সেই সব কুরুচিকর মানুষদের মন-মানসিকতা নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়ক ওমর সানী।
মঙ্গলবার (২১ জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভেরিফাইড পেজে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন ওমর সানী। সেখানে তিনি লিখেছেন, ‘কতগুলো অথর্ব কানা বেয়াদব, ছাগল-পাগল যা ইচ্ছা বলছে ইউটিউবে, শুধু কয়েকটা ডলারের লোভে। সবাই নয়, (শিল্পী ছাড়া আর কোনো সাবজেক্ট নেই) please be positive.’
এদিকে এক ভিডিও বার্তায় ওমর সানী জানিয়েছেন তাদের মধ্যে যে সমস্যা ছিল, তা মিটে গেছে। এক সময়কার জনপ্রিয় এই নায়ক বলেন, ‘আপনারা কি জানেন, আমাদের মধ্যে যে সমস্যা ছিল, তা সবার দোয়া, ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, এক ঘরেই আছি। আমি, মৌসুমী, ছেলেমেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা—আমরা একসঙ্গে আছি। ভালো আছি, সুখে আছি আমরা।’
ওমর সানী বলেন, ‘কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেওয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই-ই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ। এগুলো বাদ দেন। এগুলো থেকে অবশ্যই দূরে থাকুন।’
উল্লেখ্য, এর আগে দর্শকের কাছে সানীর অনুরোধ ছিল, কেউ মৌসুমীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন না। যদি করতেই হয়, আমাকে নিয়ে করেন। আমি আমার পরিবার সঙ্গেই থাকতে চাই। আমার ছেলে-মেয়ে, স্ত্রীকে নিয়েই থাকতে চাই। সবাই ভালো থাকবেন।
