সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বন্যা দুর্গতদের জন্য হেলিকপ্টারে করে বিমানবাহিনীর দেওয়া ত্রাণসামগ্রী নিতে গিয়ে আহতদের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৯টায় সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বিপ্লব মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন।
নিহত বিপ্লব তাহিরপুর উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের শহীদ আলীর ছেলে। তাঁর ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টায় তাহিরপুর উপজেলা সদর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হেলিকপ্টার থেকে দেওয়া ত্রাণ সামগ্রী নেওয়ার সময় ত্রাণের বস্তা সবাই দৌড়াদৌড়ি করে ধরতে গেলে বিপ্লবসহ ১০-১২ জন আহত হন। আহত অবস্থায় তাকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল লতিফ তরফদার বলেন, আহত বিপ্লব সিলেট রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৯টার দিকে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘হেলিকপ্টার থেকে দেওয়া ত্রাণ সামগ্রী সবাই একসঙ্গে ধরতে গেলে ১০-১২ জন আহত হন।’
আহতদের সবাই উপজেলার সদর ইউনিয়ন উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর এবং ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা। তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
