রংপুরে প্রাণী সম্পদ পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: প্রাণি সম্পদ অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক মোঃ ওয়ালিউর রহমান আকন্দের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রাণি সম্পদ কর্মকর্তার ভবনস্থ বিভাগীয় পরিচালকের বিশ্রাম কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করে নগর পুলিশ।

ওয়ালিউর রহমান প্রাণি সম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে চলতি বছরের পহেলা মার্চ যোগদান করেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ১৯ ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, রংপুর জেলা ও বিভাগীয় প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় পাশাপাশি হওয়ায় জেলা কার্যালয়ের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন বিভাগীয় পরিচালক ওয়ালিউর রহমান। মঙ্গলবার সকালে অফিসে আসতে দেরি হওয়ায় দপ্তরের কর্মচারীরা তার খোঁজে ওই কক্ষে গেলে বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওয়ালিউর রহমানের লাশ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে পাঠায়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। তার পারিবারিক কিংবা দাপ্তরিক কোন সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত তেমন কিছু আমাদের নজরে আসে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *