মা হলেন সংগীতশিল্পী পুতুল

প্রথমবারের মতো মা হয়েছেন সংগীতশিল্পী, উপস্থাপক ও লেখক সাজিয়া সুলতানা পুতুল। গতকাল (২০ জুন) রাতে একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। কন্যার নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। গায়িকা নিজেই মা হওয়ার সুখবরটি নিশ্চিত করেছেন।

পুতুল বলেন, ‘আমার মেয়ে জন্মাবার কথা ছিল আরও অন্তত তিন সপ্তাহ পর। মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’

তিনি আরও যোগ করেন, ‘জীবনে তার কাজের ভিতর দিয়ে নিজেকেও যেনো প্রমাণ করতে পারে সময়ের-চেয়ে-এগিয়ে-থাকা একজন মানুষ হিশেবে, সেই প্রার্থনা আর আশীর্বাদ রাখবেন সবাই। আর সৃষ্টিকর্তা যেভাবে আমাকে আশীর্বাদপুষ্ট রেখেছেন আর করে চলেছেন সবকিছু দিয়ে সমস্ত কিছু দিয়ে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ব্যর্থ প্রয়াস আমার সব গান আর লেখালিখি, আজীবন আমৃত্যু।’

গত বছরের ১৪ এপ্রিল অস্ট্রেলিয়াপ্রবাসী ব্যাংকার ও গিটারিস্ট রেজা আলীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কণ্ঠশিল্পী পুতুল। সেদিন মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে সবাই খবরটি জানান। রেজার কম্পোজিশনে কয়েকটি গানে কণ্ঠ দেন পুতুল। পরিচয় সেখান থেকেই। সেই পরিচয়ই পরে পারিবারিকভাবে পরিণয়ে রূপ নেয়।

বিয়ের ১০ মাসের মাথায়ই গত ১৪ ফেব্রুয়ারি সুখবর দেন পুতুল। জানান, তিনি মা হতে চলেছেন। সে সময় তিনি গণমাধ্যমকে বলেছিলেন, সবকিছু ঠিক থাকলে জুনের শেষ সপ্তাহে অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তবে নির্ধারিত সময়ের কিছুটা আগেই গায়িকার সংসার আলো করে চলে এলো তাদের নতুন সদস্য।

যদিও এটি পুতুলের দ্বিতীয় সংসার। এর আগে ২০১৯ সালের ১৫ মার্চ কানাডাপ্রবাসী ফটোগ্রাফার নুরুল ইসলামের সঙ্গে তার আংটি বদল হয়। ২০ মার্চ হয় বিয়ে।

বিয়ের ৮ মাস আগে পুতুলের বাড়িতে পারিবারিকভাবে সেই বিয়ের সম্বন্ধ আসে। কিন্তু টেকেনি সংসার। গত বছরের ২৪ মার্চ বিবাহ বিচ্ছেদ হয়ে যায় পুতুল ও নুরুলের। ওই বছরই গায়িকা রেজা আলীকে বিয়ে করেন।

‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ গানের প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা দশের অন্যতম প্রতিযোগী ছিলেন পুতুল। নিজেকে শুধু গান গাওয়ার মধ্যে নয়, একসময় লেখালেখিতে ব্যস্ত করে তোলেন। গান লেখা, সুর করা ও সংগীত পরিচালক হিসেবেও দেখা গেছে তাকে। গানের অনুষ্ঠানের উপস্থাপক হয়েও দর্শকের সামনে এসেছেন পুতুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *