Home আলোচিত বানভাসি মানুষদের ৩০ লাখ টাকা দিলেন অনন্ত জলিল

বানভাসি মানুষদের ৩০ লাখ টাকা দিলেন অনন্ত জলিল

0
89

সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন ব্যবসায়ী-অভিনেতা অনন্ত জলিল। এবার তিনি ৩০ লাখ টাকার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অনন্ত জলিল তার নিজস্ব প্রতিষ্ঠান এ জে আই ও এ বি গ্রুপ থেকে এই অনুদানের অর্থ বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।

আজ সোমবার (২০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি জুম মিটিংয়ের ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। নিজের অফিস কর্মকর্তাদের সঙ্গে অনুদান নিয়ে এই মিটিং করেন অনন্ত।

সেখানে তিনি অফিস কর্মকর্তাদের ত্রাণ দেওয়ার পাশাপাশি পানিবন্দি মানুষকে উদ্ধারের জন্য রেসকিউ টিম গঠন করতে নির্দেশ দিয়েছেন।

অনন্ত জলিল তার প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘১০ লাখ টাকার খাদ্যসামগ্রী আমরা আগেই পাঠিয়েছি। এখন আপনারা আরও ২০ লাখ টাকার একটা বাজেট তৈরি করেন। এরপর পরিস্থিতি অনুযায়ী আরও ব্যবস্থা নেব।’

এর আগে গত শনিবার অনন্ত জলিল দেশের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এ বছর ১০-১২টা গরুর বদলে মাত্র একটি বা দুইটি গরু কোরবানি দিয়ে বাকি টাকা ক্ষতিগ্রস্ত বানভাসিদের দেবেন বলে জানান। তবে শুধু কোরবানির টাকাই নয়, তার ব্যবসা এবং মুক্তি প্রতীক্ষিত ‘দিন: দ্য ডে’ সিনেমার আয়ের টাকা দিয়েও সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দেন তিনি।

এদিকে অনন্ত জলিল বর্তমানে ব্যস্ত আছেন তার নতুন সিনেমা ‘দিন দ্য ডে’র মুক্তি নিয়ে। আসন্ন কোরবানির ঈদেই দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। এ উপলক্ষে রোববার (১৯ জুন) রাতে ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির ট্রেলার উন্মুক্ত করেন অনন্ত জলিল।

৩ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেলারটি দেখে দর্শকরা মুগ্ধতা প্রকাশ করছেন। নির্মাণশৈলি, ভিএফএক্স ও সম্পাদনায় ছক্কা হাঁকিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা পরিচালনা করেছেন মুর্তজা অতাশ জমজম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here