মিয়াভাই জানতে চাইলেন ‘সবাই কেমন আছে’

বছরখানেক ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে তার।

দীর্ঘদিন অচেতন ছিলেন বরেণ্য এই অভিনেতা। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কেমন আছেন নন্দিত এই নায়ক? এমন প্রশ্ন চলচ্চিত্রপ্রেমীদের। তার খোঁজখবর জানান চলচ্চিত্র সম্পাদক আবু মুসা দেবু।

দেবু বলেন, ‘আগের চেয়ে অনেকটা ভালো আছেন মিয়াভাই। সেই আগের মতোই দরাজ কণ্ঠে জানতে চাইলেন- সবাই কেমন আছে? গত বুধবার মিয়াভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তিন মিনিট কথা বলেছি। পুরো সময় তিনি চলচ্চিত্রের মানুষদের কথাই জানতে চেয়েছেন।’

ফারুকের স্ত্রীর বরাত দিয়ে দেবু জানান, এই চিত্রনায়কের নার্ভে কিছু সমস্যা আছে। ধীরে ধীরে সেগুলো চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। সব ঠিকঠাক থাকলে দ্রুতই দেশে ফিরবেন ফারুক।

রক্তে সংক্রমণজনিত জটিলতা নিয়ে ১০ মাসের অধিক সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দেশের অন্যতম এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *