গতকাল ছিল বিশ্ব বাবা দিবস। প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী এই দিবস পালন করে। বিশেষ দিনটিতে বাবাদের প্রতি সম্মান ও ভালোবাসা প্রদর্শনস্বরূপ সবাই সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে জড়ানো স্মৃতিচারণ করেন। তারকারাও এই অকৃত্রিম আবেগের বাইরে নন।
দিনটি উপলক্ষে এক জাতীয় দৈনিকের লাইভ অনুষ্ঠানে বাবা নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছিলেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ।
এই অভিনেতার জন্য এবারের বাবা দিবসটা একটু অন্য রকম। কারণ, কিছুদিন আগে তিনিও পুত্রসন্তানের বাবা হয়েছেন।
সিয়ামের বাবা নাসিরউদ্দিনের আহমেদ পেশায় অ্যাডভোকেট। তাঁর চোখে সিয়াম এখনো সেই ছোট্ট ছেলের মতোই। ছোট্ট সেই ছেলের দিনরাত পরিশ্রম করা দেখে বাবা অবাক হয়ে যান।
তিনি বলেন, ‘একেবারে ছোটবেলা থেকেই সিয়াম অনেক নাদুসনুদুস, আদুরে ছেলে ছিল। আমার সেই ছেলে এখন ১৮ ঘণ্টা করে পরিশ্রম করে! অনেক চাপ নিয়ে কাজ করে। ওর মধ্যে এখন আগের সৌন্দর্যটা নেই। সেই সিয়ামের সঙ্গে সিয়াম আহমেদের কোনো মিল নেই।’
বাবা-ছেলের দীর্ঘ আড্ডায় সিয়াম বেশির ভাগ সময় ছিলেন শ্রোতার ভূমিকায়। বাবার মাধ্যমে যেন নিজের শৈশবে ফিরে গিয়েছিলেন।
তাঁর বাবা বলেন, ‘আমার ছেলেটা পড়ুয়া। শৈশব থেকে নিজের মতো করে বেড়ে উঠেছে। ওকে কখনোই তেমন কিছু বলে দিতে হতো না। এসএসসি পরীক্ষার সময় সিয়াম পড়তে পড়তে কুঁজো হয়ে যাচ্ছিল। সারাক্ষণ টেবিলে বসে পড়ত। পরে আমি আর ওর মা ছেলেকে বোঝাই, সোজা হয়ে বসে পড়ো। নাহলে কুঁজো হয়ে যাবে। আজ সিয়াম যে অবস্থানে এসেছে, এটা শুধুই তাঁর পরিশ্রমের ফলে। ছোটবেলা থেকেই পরিশ্রমী হওয়ার ফল পাচ্ছে।’





