টেনশনে রাতে ঠিকমতো ঘুম হয় না, কারণ জানালেন মাহি

স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট ও সুনামগঞ্জের অধিকাংশ এলাকা পানির নিচে। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন পার করছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছে সেখানকার লোকজন। বাসস্থান ত্যাগ করে হাজারো মানুষ আশ্রয়কেন্দ্রে গেছেন। অনেকে আবার সেই সুযোগও পাননি।

এমন প্রতিকূল পরিস্থিতিতে বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সংস্থা ও সরকারি উদ্যোগে খাবার সরবরাহ করা হচ্ছে। দেশের তারকাদের অনেকেও সহযোগিতার উদ্যোগ নিয়েছেন।

এবার বানবাসি মানুষদের সহযোগিতার ঘোষণা দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে কি ধরণের সহায়তা করবেন এই নিয়ে দ্বিধায় আছেন। সে জন্য চাইলেন ভক্তদের পরামর্শ।

রোববার (১৯ জুন) রাত আটটার পর ফেসবুক লাইভে এসে তিনি বলেন, আমরা সবাই অনেকে সিলেটকে অনেক পছন্দ করি। অনেকেই সিলেটের সৌন্দর্য উপভোগ করতে সেখানে ভ্রমণ করতে গেছেন। সিলেটবাসীর এ দুর্দিনে সবার এগিয়ে আসা উচিৎ।

তিনি বলেন, আমরা গত কয়েকদিন ধরেই চিন্তা করছিলাম কি করা যায় তাদের জন্য। সেখানে এত পরিমাণ বাজে অবস্থা কি করবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তাই সবাইকে অনুরোধ করবো আমাকে একটু সাজেস্ট করেন কি করা যায় সিলেটবাসীর জন্য।

মাহি বলেন, এই মুহূর্তে আমরা যদি সবাই সবার জায়গা থেকে একটা একটা স্টেপ স্টেপ করে এগিয়ে যাই তাহলে সেখানকার মানুষদের অনেক উপকার হবে।

বন্যাকবলিত এলাকার মানুষের পাশাপাশি সেখানখার প্রাণীগুলো নিয়েও চিন্তিত মাহি। তিনি বলেন, ‘মানুষ তো কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করবে। কিন্তু প্রাণীগুলো কীভাবে নিজেদের রক্ষা করবে- এই নিয়ে টেনশনে আমার রাতে ঠিকমতো ঘুম হয় না। আমার যদি সামর্থ্য থাকত, উপায় থাকত তাহলে কুকুর থেকে শুরু করে যত গরু, ছাগল আছে সবগুলো আমি নিয়ে আসতাম। তাদের একটা নিরাপদ জায়গায় রাখতে পারলে আমার শান্তি লাগত। কারণ, প্রাণীর প্রতি আমার প্রচণ্ড মায়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *